সংকট রাজনৈতিক, সমাধান সংলাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা অবরোধের নামে দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে গতকাল সিপিবি-বাসদ ও নাগরিক ঐক্য প্রক্রিয়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে l প্রথম আলো
টানা অবরোধের নামে দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে গতকাল সিপিবি-বাসদ ও নাগরিক ঐক্য প্রক্রিয়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে l প্রথম আলো

বর্তমান সংকট রাজনৈতিক। তাই প্রশাসনিক নয়, রাজনৈতিক উপায়েই এই সংকটের সমাধান করতে হবে। এর জন্য দরকার জাতীয় সংলাপ।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই কথা বলেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এটির আয়োজন করে সিপিবি-বাসদ ও নাগরিক ঐক্য প্রক্রিয়া। এতে বক্তৃতা করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর আহমদ, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম প্রমুখ।
বক্তারা বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অবরোধে রাজধানী থেকে সারা দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পেট্রলবোমায়, সংঘর্ষে, রেলের নাশকতায়, পুলিশের গুলিতে ও ক্রসফায়ারে নারী-শিশুসহ ২৬ জনের প্রাণ গেছে। হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও অনেকে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ড. কামাল বলেন, সংবিধান রক্ষার নামে নির্বাচন করে যেনতেন প্রকারে ক্ষমতা আঁকড়ে থাকা সংবিধান লঙ্ঘনের শামিল। দেশের মানুষ শান্তি চায়। সরকারকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। এর জন্য জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য যদি বালুভর্তি ১০টি ট্রাক প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ৫০টি বালুভর্তি ট্রাক পাঠানো প্রয়োজন। বিএনপির কার্যালয়ে তালা না দিয়ে যুদ্ধাপরাধী সন্ত্রাসী জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করা উচিত। তিনি বিএনপি ও আওয়ামী লীগকে রাজাকার ও স্বৈরাচারের সঙ্গ ত্যাগ করে সংকট মীমাংসার আহ্বান জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, একদিকে পেট্রলবোমায় মানুষ পুড়ে মরছে। অন্যদিকে সন্ত্রাস দমনের নামে চাঁপাইনবাবগঞ্জে নারী-পুরষকে ঘরছাড়া করা হচ্ছে। দুটির কোনোটাই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেআইনিভাবে দেশের মানুষ হত্যা বন্ধের আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।