জনপ্রশাসনে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ে তিন স্তরে আরও প্রায় ৮৭৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ছুটিতে ও বিদেশে থাকা ৩৭ জনের পদোন্নতি কার্যকর হবে পরে।
কিছুদিন ধরেই এই পদোন্নতির বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পদোন্নতি পেছাতে থাকে। প্রায় তিন মাস ধরে আন্দোলনে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় জামিন পেয়ে গত রোববার রাজনৈতিক কার্যালয় ছেড়ে বাসায় ফিরে যান। এ কারণে রাজনৈতিক অঙ্গনে স্বস্তির পরিবেশ তৈরি হয়। এর ঠিক এক দিন পরই জনপ্রশাসনে এত বড় পদোন্নতি হলো। সাম্প্রতিক সময়ে একসঙ্গে এত বড় পদোন্নতি আর হয়নি।
জ্যেষ্ঠদের পেছনে ফেলে পদ ছাড়াই এক পক্ষের দফায় দফায় পদোন্নতি নেওয়া, অপর পক্ষের পদোন্নতির বঞ্চনা—এ দুই বিপরীতমুখী ধারায় সরকারের জনপ্রশাসন কয়েক বছর ধরেই সংকটে আছে। অবস্থা এমন হয়েছে যে পদোন্নতিপ্রাপ্তদের অনেকেই পুরোপুরি খুশি নন। কারণ, অনেকে পদোন্নতি পেলেও চাকরি করতে হচ্ছে আগের পদে। এ রকম পরিস্থিতিতেই ৮৭৩ জন পদোন্নতি পেলেন।
বর্তমানে উপসচিবের নিয়মিত (ডিউটি) পদ আছে ৮৩০টি। কিন্তু উপসচিব আছেন ১ হাজার ২৮০ জন। নতুন করে আরও ৩৪৩ কর্মকর্তার পদোন্নতি হওয়ায় এখন এই সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬২৩। এবার ২০তম ব্যাচ পর্যন্ত উপসচিব করা হয়েছে।
যুগ্ম সচিবের নিয়মিত পদ আছে ৪৩০টি, কর্মরত আছেন ৮৬৭ জন। এই পদে আরও ২৯৯ জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে।
অতিরিক্ত সচিবের ১০৭টি পদের বিপরীতে কর্মরত আছেন ২২৬ জন। এর মধ্যে আরও ২৩১ জন পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন। নতুন পদোন্নতিতে বিসিএস ’৮৫ সালের ব্যাচের যুগ্ম সচিব হওয়া বেশ কিছু কর্মকর্তা অতিরিক্ত সচিব হয়েছেন।
প্রায় পাঁচ হাজার কর্মকর্তার এই ক্যাডারে এর আগে সহস্রাধিক কর্মকর্তার পদ না থাকলেও পদোন্নতি হয়েছে। তাঁদের বেশির ভাগই উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হলেও দায়িত্ব পালন করছেন আগের পদেই। নতুন যাঁরা পদোন্নতি পেলেন, তাঁদের অনেককে আগের পদেই দায়িত্ব পালন করতে হবে। বিদ্যমান কাঠামোয় নতুন পদোন্নতি আরও সমস্যা বাড়াবে বলে মনে করেন প্রশাসনেরই কয়েকজন কর্মকর্তা। তবে জনপ্রশাসনের অপর কয়েকজন কর্মকর্তা নিয়মিত পদোন্নতির পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, নিয়মিত পদোন্নতি না হলে চাকরির প্রতি কর্মকর্তাদের আগ্রহ কমে যায়।
বরাবরের মতো পদোন্নতিতে এবারও কিছু ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন কর্মকর্তা। অনেকে পদোন্নতির যোগ্য হয়েও পদোন্নতি পাননি বলেও অভিযোগ করেছেন।
তবে জনপ্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, যোগ্যতা অনুযায়ীই পদোন্নতি হয়েছে। বরং এবার পদোন্নতিতে অনেক বেশি উদারতা দেখানো হয়েছে। এ কারণে পদোন্নতিও বেশি হয়েছে। আগে একসঙ্গে এত পদোন্নতি হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, গত ছয় বছরে কয়েক দফায় প্রায় আড়াই হাজার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে উপসচিব থেকে ওপরের পদগুলোতে আর কোনো শূন্য পদ নেই। বরং উল্টো চিত্র রয়েছে। যেমন শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম সচিবের নিয়মিত পদ আছে চারটি। অথচ এখন কর্মরত আছেন নয়জন। একই চিত্র আরও কয়েকটি মন্ত্রণালয়ে।
ওপরের দিকে এমন অবস্থা হলেও প্রবেশ (এন্ট্রি) পদে আবার উল্টো চিত্র। বর্তমানে জ্যেষ্ঠ সহকারী সচিব আছেন ১ হাজার ৬৩৫ জন। কিন্তু পদ আছে প্রায় দুই হাজার। সহকারী সচিব (মাঠ পর্যায়ে সহকারী কমিশনার) আছেন ১ হাজার ২১৪ জন। এই পদে দরকার আরও ৭০০ থেকে ৮০০ কর্মকর্তা। নিচের স্তরে কর্মকর্তার অভাবে সহকারী কমিশনারের (ভূমি-এসি ল্যান্ড) বেশ কিছু পদ এখনো শূন্য।