শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে গতকাল বুধবার অনুষ্ঠিত ‘অ্যা টক অন কাউন্সেলিং’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের সংকটকালে কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে গতকাল দিনব্যাপী ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক।সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা ইসলাম ও মনোরোগ বিশেষজ্ঞ রেদওয়ানুল করিম। তাঁরা বলেন, কাউন্সেলিং হচ্ছে বিংশ শতাব্দীর সবচেয়ে সুন্দর আবিষ্কার। সংকটকালীন অবস্থা থেকে উত্তরণের জন্য কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভীর সংকটের সময় উপযুক্ত কাউন্সেলিং পেলে মানুষ নিজের ভেতরের নেতিবাচক অনুভূতিগুলো প্রকাশ করতে পারে এবং সংকট কাটিয়ে উঠতে পারে। মানুষকে পূর্ণ কর্মক্ষম, আত্মনির্ভরশীল ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কাউন্সেলিংয়ের গুরুত্ব রয়েছে।সেমিনার শেষে ৫৩ জন কাউন্সিলরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।