সংকটগ্রস্ত ও প্রবীণদের জন্য ফিজিওথেরাপি ও স্ট্রোক পুনর্বাসন কেন্দ্র
সমাজের সংকটগ্রস্ত ও প্রবীণদের জন্য বেসরকারি প্রতিষ্ঠান সুবার্তা ট্রাস্টের উদ্যোগে ফিজিওথেরাপি ও স্ট্রোক পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সাভারের ব্যাংক টাউনে ওই কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনামুর রহমান বলেন, সামাজিক পরিবর্তনসহ নানা কারণে প্রবীণ ব্যক্তিরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। প্রাতিষ্ঠানিক সেবার মাধ্যমে তাঁদের সেবা নিশ্চিত করতে হবে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেলীনা আক্তার বলেন, প্রবীণ ও সংকটগ্রস্ত ব্যক্তিদের সমাজে সম্পৃক্তকরণসহ তাঁদের সেবাদানের লক্ষ্যে প্রশিক্ষিত জনবল তৈরির জন্য সুবার্তা ট্রাস্ট প্রবীণদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আয়বর্ধক প্রকল্প, জেরিয়াট্রিক হেলথ ক্যাম্প, ফিজিওথেরাপি, স্ট্রোক পুনর্বাসন সেন্টারসহ কেয়ার গিভার প্রশিক্ষণ প্রকল্প। মানিকগঞ্জ ও নেত্রকোনা জেলাতেও এই ট্রাস্টের কার্যক্রম রয়েছে। এ ছাড়া দেশে চারটি প্রবীণ সেবাকেন্দ্র (সিনিয়র সিটিজেন্স কেয়ার সেন্টার) আছে।
ব্যাংক টাউনে আয়োজিত ব্যাংক টাউন গৃহনির্মাণ সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাজসেবক এমআই চৌধুরীসহ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।