সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপের চারটি গ্রামের ৪০ হাজার বাসিন্দা সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ইউনিয়নের ৩০০টি নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান সেখানে বড় বড় গভীর নলকূপ বসানোয় এ সংকট তৈরি হয়েছে। আদালত আটটি শিল্পপ্রতিষ্ঠানকে ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়ার পরও কয়েকটি কারখানা সে নির্দেশ মানছে না।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন ৫ নম্বর হাবিলাসদ্বীপ ইউনিয়নের ভূগর্ভস্থ পানির বাণিজ্যিক ব্যবহার বন্ধ, শিল্পকারখানার দূষিত বর্জ্য থেকে কৃষিজমি ও খাল রক্ষা এবং জনগণের পানি অধিকার’ শীর্ষক গণশুনানিতে এসব বক্তব্য উঠে আসে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে পটিয়ার হাবিলাসদ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

গণশুনানির আয়োজকেরা জানান, হাবিলাসদ্বীপের অধিবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের জানুয়ারিতে বেলা উচ্চ আদালতে জনস্বার্থে একটি মামলা করে। আদালত তখন আটটি শিল্পপ্রতিষ্ঠানকে বাণিজ্যিক উদ্দেশ্যে বসানো গভীর নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে খাল ও কৃষিজমিতে বর্জ্য নিক্ষেপ বন্ধ, ইটিপি স্থাপনসহ আরও কয়েকটি নির্দেশ দেন। মামলাটি বর্তমানে শুনানি পর্যায়ে রয়েছে। আদালতের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ এখনো রয়েছে। প্রকৃত অবস্থা জানার জন্য এই গণশুনানির আয়োজন করা হয়েছে।

গণশুনানিতে এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন, হাবিলাসদ্বীপে স্থাপিত শিল্পকারখানাগুলো এখনো পাশের খালে বর্জ্য ফেলছে। দূষণের কারণে মাছ মারা যাচ্ছে। উর্বরতা হারিয়েছে কৃষিজমি। এই ইউনিয়নকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণা করার দাবি জানান তাঁরা।

শুনানিতে আবছার চৌধুরী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, কারখানাগুলোর গভীর নলকূপের কারণে এখন ওই এলাকার পানির স্তর ১ হাজার ফুট নিচে নেমে গেছে। দীপংকর মজুমদার নামের আরেকজন বলেন, নলকূপে পানি না ওঠায় সুপেয় পানি হিসেবে তাঁরা পুকুরের পানি সেদ্ধ করে ও ফিটকিরি দিয়ে ব্যবহার করছেন। অনেকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, মানবাধিকার নেত্রী জেসমিন সুলতানা, ক্যাবের চট্টগ্রামের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী মুজিবুর রহমান খান।

প্রবন্ধে বলা হয়, বর্তমানে শুধু বনফুল মিনারেল ওয়াটার কারখানাটি ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ রেখেছে। বাকি শিল্পকারখানাগুলো পানি উত্তোলন এবং শিল্পবর্জ্য খাল ও কৃষিজমিতে ফেলা বন্ধ করেনি।

শুনানিতে বনফুল কোম্পানির মহাব্যবস্থাপক শাহ কামাল মোস্তফা জানান, বনফুল ইটিপি স্থাপন করেছে।

শুনানির শেষ পর্যায়ে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় আটটি প্রতিষ্ঠানের ভূগর্ভস্থ পানি তোলার সুযোগ নেই। কিন্তু এখনো কয়েকটি প্রতিষ্ঠান পানি তুলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। এই অভিযোগগুলো যাচাই করে এ-সংক্রান্ত প্রতিবেদন ও স্থানীয় অধিবাসীদের বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করা হবে। বাংলাদেশ পানি আইনে যেসব এলাকায় পানিসংকট রয়েছে, সেখানকার স্থানীয় অধিবাসীর খাওয়ার পানি পাওয়ার অধিকারকে সবার আগে রাখা হয়েছে।

গণশুনানি শেষে গতকাল বিকেলে বেলা ও এএলআরডির প্রতিনিধিদল হাবিলাসদ্বীপ ইউনিয়নে যায়। তারা কয়েকটি বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নলকূপ পরীক্ষা করে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে।