সংকটাপন্ন পর্যটককে বাঁচানোর ব্যবস্থা নেই কক্সবাজারে
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারে মাত্র একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আছে। তবে সদর হাসপাতালের ওই আইসিইউ চালু করা যাচ্ছে না জনবলের অভাবে। ফলে দুর্ঘটনায় বা পানিতে ডুবে সংকটাপন্ন কোনো রোগীকে চিকিৎসার অভাবে মৃত্যুকে বরণ করতে হয়।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। প্রতিবছর লাখো দেশি-বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসেন। তাঁদের জন্য গড়ে উঠেছে অসংখ্য নামীদামি হোটেল-রেস্তোরাঁ। কিন্তু গড়ে ওঠেনি আধুনিক ও গুরুতর রোগীর চিকিৎসার জন্য চালু আইসিইউসমৃদ্ধ কোনো হাসপাতাল। ফলে দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে নিয়োজিত ‘ইয়াছির লাইফগার্ড স্টেশন’-এর পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, গত ১০ বছরে লাবণী পয়েন্টে চার কিলোমিটার সৈকতে গোসলে নেমে অন্তত ৭৮ জন পর্যটক মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ৩২ জন। অথচ সদর হাসপাতালে আইসিইউ চালু থাকলে অনেককেই বাঁচানো সম্ভব ছিল।
গত বছরের ১৪ এপ্রিল সেন্ট মার্টিন এলাকায় সাগরে বেড়াতে এসে প্রাণ হারিয়েছেন ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্র। এঁদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও যথাসময়ে উপযুক্ত চিকিৎসা দিতে না পারায় তাঁরা মারা যান।
ওই দুর্ঘটনায় নিহত মানফেজুল ইসলামের বড় ভাই মানজারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কক্সবাজারের মতো একটি পর্যটন জেলায় দেশি-বিদেশি লাখো পর্যটক আসেন। কেবল সাগরে ডুবে যাওয়া নয়, এখানে বেড়াতে এসে হঠাৎ করে কেউ হৃদ্রোগে আক্রান্ত কিংবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেও চিকিৎসা দেওয়ার মতো একটি আইসিইউ নেই। আমার অনুরোধ—সেখানে যেন আধুনিক মানের একটি হাসপাতাল ও আইসিইউসহ গুরুতর রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকে।’
গত বছর কক্সবাজারে বেড়াতে গিয়ে ডুবে যান বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ। তাঁকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আধ ঘণ্টা পরই মারা যান। ইমতিয়াজের বাবা দিনাজপুরের সরকারি হিসাবরক্ষণ কর্মকর্তা গিয়াসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারের পর হাসপাতালে আমার ছেলে কথা বলেছে। আধঘণ্টা বেঁচেও ছিল। আমাদের বলা হয় চট্টগ্রামে নিয়ে যেতে। আমরা অ্যাম্বুলেন্স খুঁজছিলাম। এর মধ্যেই মারা গেল।’
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারে স্বাস্থ্যসেবার বেহাল দশা। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যার সদর হাসপাতাল এবং এখানকার ১৮টি বেসরকারি ক্লিনিকের কোথাও আইসিইউ নেই। ২০১০ সালে কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ স্থাপন করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হলেও জনবলের অভাবে গত পাঁচ বছরেও সেটি চালু করা যায়নি।
কক্সবাজারের সৈকত টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর বলেন, সৈকত ভ্রমণে আসা পর্যটক কিংবা মুমূর্ষু রোগীদের জরুরি সেবা নিশ্চিত করতে জেলা শহরের ২৫০ শয্যার হাসপাতালটিতে অন্তত আইসিইউ চালু করা দরকার।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন চৌধুরী প্রথম আলোকে বলেন, জনবল-সংকটের কারণেই এই আইসিইউ চালু করা যাচ্ছে না।
কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বাপ্পি জানান, শহরের ঝিলংজা এলাকায় মেডিকেল কলেজ ভবন নির্মাণ শেষের পথে। ওই ক্যাম্পাসটি চালু হলে আইসিইউ সেবা নিশ্চিত হবে।
জেলা শহর ছাড়াও চকরিয়া, টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন স্থানে বেসরকারি ৩০টির বেশি হাসপাতাল ও ক্লিনিক আছে। এগুলোতেও আইসিইউ চালু নেই। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, আইসিইউ তো দূরের কথা, ২০১০ সালের দিকে দ্বীপে ১০ শয্যার একটি হাসপাতাল চালু করা হলেও জনবল-সংকটের কারণে সেখানে স্বাস্থ্যসেবাও মেলে না।
জাতীয় পর্যটন বোর্ডের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারের কোনো হাসপাতালে আইসিইউ না থাকাটা দুঃখজনক।
জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘আমার জানামতে, কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ থাকার কথা। কোনো কারণে সেটি চালু না হয়ে থাকলে পর্যটকদের স্বার্থে দ্রুতই এ বিষয়ে আমরা উদ্যোগ নেব।’