প্রতিবেশগত সংকটাপন্ন দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে এবার পাখির সংখ্যা বেড়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ২৪ হাজার বেশি। হাওরের মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা অংশের ২১টি বিলে দুই দিনের জলচর পাখিশুমারি শেষে গতকাল রোববার রাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন। সমন্বিত সংরক্ষিত এলাকা সহব্যবস্থাপনা (আইপ্যাক) প্রকল্পের উদ্যোগে এই শুমারিতে সহযোগিতা করে বাংলাদেশ বার্ড ক্লাব। শুমারিকালে বিরল প্রজাতির একটি ধলাকপাল ছোট রাজহাঁসের (লেজার হোয়াইট ফ্রন্টেড গুস) দেখা পাওয়া গেছে। এর আগে দেশের কোথাও এটিকে দেখা যায়নি।মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। ১৯৯৯ সালে সরকার এ হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। এ ছাড়া মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সম্প্রতি ভূমি মন্ত্রণালয় হাকালুকিকে মাছের স্থায়ী অভয়াশ্রম করার সিদ্ধান্ত নেয়।আইপ্যাকের কুলাউড়া কার্যালয়ের এলাকা সমন্বয়কারী তৌহিদুর রহমান জানান, তাঁদের প্রকল্প ও বার্ড ক্লাবের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে শনি ও রোববার (গতকাল) দিনভর হাওরের নাগুয়া-ধলিয়া, গৌড়কুড়ি, উজানতুরল, নামাতুরল, চাতলা, হাল্লা, জল্লা, ফোয়ালা, বালিজুড়ী, ফুটবিল, হাওয়াবন্যা, হাওরখাল, হিঙ্গাইজোড়, নাগুয়া-লরিবাই, কালাপানি, রঞ্চি, হারামডিঙ্গা, পরতি, গুজুয়া, তেকোনা ও বোয়ালজোড় বিলে শুমারিতে অংশ নেন। দুটি দলে নেতৃত্ব দেন বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক ও আইপ্যাকের সামাজিক অর্থনৈতিক পরামর্শক পল থম্পসন।ইনাম আল হক গতকাল রাত আটটায় প্রথম আলোকে জানান, দুই দিনে ৬১ প্রজাতির মোট ৬৪ হাজার ২৮২টি পাখি গণনা করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক হাওরখালে ৩৪ হাজার ৫২৪, ফুটবিলে চার হাজার ২৭৯ ও কালাপানি বিলে চার হাজার ৯৮টি পাখি পাওয়া গেছে।ইনাম আল হক জানান, গত শনিবার নামাতুরল বিলে একটি ধলাকপাল ছোট রাজহাঁস, পরতিতে ১১টি উত্তুরে টিটি ও জল্লায় ছয়টি লাল নুড়ি বাটান এবং গতকাল ফুটবিলে ১৩টি ধূসর পা রাজহাঁস পাখির দেখা মিলেছে। চারটিই বিরল প্রজাতির। বেশি দেখা গেছে টিকিহাঁস। এর সংখ্যা ছিল ১০ হাজার ৫৬৫টি। দ্বিতীয় অবস্থানে লেঞ্জা ও তৃতীয় অবস্থানে রয়েছে গিরিহাঁস। এদের সংখ্যা যথাক্রমে নয় হাজার ৯৭১ ও চার হাজার ৫১৮টি। ইনাম আল হক জানান, ধলাকপাল ছোট রাজহাঁস বাংলাদেশে এই প্রথম দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন বিলে শামুকখোল, খোঁপাডুবুরি, দেশি পানকৌড়ি, খুন্তেহাঁস, পাতি ভুঁতিহাঁস, মরচে রং ভুঁতিহাঁসসহ অন্য প্রজাতির পাখি ছিল। তিনি জানান, শুমারির কাজ মূলত করা হয় দুরবীক্ষণ (টেলিস্কোপ) যন্ত্রের মাধ্যমে। বিভিন্ন জাতের পাখি বিলের মধ্যে একসঙ্গে থাকে। তাই যন্ত্র দিয়ে প্রথমে তাদের আলাদা করে চিনতে হয়। পরে গণনা করা হয়। বার্ড ক্লাবের আটজন সদস্য গণনার কাজটি করেন। এ কাজে চারটি দুরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়েছিল।গত বছরে (২০১০) অনুষ্ঠিত শুমারিতে হাকালুকিতে ৫৪ জাতের প্রায় ৪৪ হাজার পাখি দেখা যায়। এর আগের বছরের (২০০৯) শুমারিতে এর সংখ্যা ছিল ৮৫ হাজার ৩৩৫টি।