সংকটে এনজিও খাত
>* দাতাদের অর্থায়ন কমছে, প্রকল্পও কমছে
*অনেক এনজিও নিষ্ক্রিয় বা বন্ধ
বাংলাদেশে সক্রিয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) অনুদান কমছে। এনজিওবিষয়ক ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে আগের বছরের চেয়ে ৮৫০ কোটি টাকার কম অনুদান এসেছে। প্রকল্পও কমেছে অর্ধশত।
শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষি, ত্রাণ ও দুর্যোগ—মূলত এসব খাতেই বাংলাদেশের এনজিওগুলো বিদেশি সহায়তা পায়। এনজিওগুলো বলছে, এখন শুধু যে অনুদান বা প্রকল্প কমছে তা-ই নয়, আন্তর্জাতিক অনেক দাতা সংস্থা প্রকল্পের মেয়াদ শেষ করে নতুন করে আর অর্থায়ন করছে না। আবার যারাও বা অর্থায়ন করতে আসছে, তারা অনেক যাচাই-বাছাই করছে। সব মিলিয়ে বাংলাদেশের এনজিও খাত এখন কিছুটা সংকটে পড়েছে।
কিন্তু কেন এমনটা হচ্ছে? এনজিও ব্যুরো এবং এই খাতের লোকজন বলছেন, পৃথিবীতে যুদ্ধ ও সংঘাতপূর্ণ অঞ্চল বেড়ে যাওয়ায় দাতা সংস্থারা এখন সেদিকেই চলে যাচ্ছে। বিশেষ করে বিশ্বব্যাপী শরণার্থী সমস্যা বেড়ে যাওয়ায় দাতা সংস্থাগুলো সরাসরি সেখানেই সহায়তা দিচ্ছে। আবার বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ায়, বিশেষ করে মধ্য আয়ের দেশের দিকে অগ্রগতির কারণেও দাতা সংস্থাগুলো অর্থায়ন কমাচ্ছে।
এদিকে গত বছর নতুন করে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ করা হয়েছে। এই আইনের কয়েকটি ধারা নিয়েও এনজিওগুলোর আপত্তি আছে। এটি বাস্তবায়িত হলে অর্থ পেতে আরও সমস্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আইনটি নিয়ে দাতা সংস্থাগুলোর উদ্বেগ আছে। তবে অনুদানের ওপর আইনের সরাসরি নেতিবাচক প্রভাব এখনো পড়েনি। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন ও পুনর্বাসনের কারণে দাতাদের মনোযোগ কিছুটা সরে গেছে। তা ছাড়া, সেবা খাতে সরাসরি অনুদান না দিয়ে সক্ষমতা ও সামর্থ্য বাড়ানোর ওপর দাতা সংস্থাগুলো মনোযোগ দিচ্ছে।
প্রকল্প বা অর্থায়ন কমছে কেন জানতে চাইলে ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশের (এফএনবি) পরিচালক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পৃথিবীর নানা অঞ্চলে যুদ্ধ-সংঘাত বাড়ছে। লাখ লাখ মানুষ শরণার্থী হচ্ছে। ফলে অনেক দাতা সংস্থার নজর সেদিকে। আবার বাংলাদেশ মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছে। এসব কারণে অনেকেই প্রকল্প শেষ করে নতুন করে আর অর্থায়ন করছে না।
দেশে এনজিওর সঠিক সংখ্যা কত, তার কোনো হিসাব নেই। কারও কারও মতে, এই সংখ্যা ৫০ হাজার। কারও মতে এক থেকে দেড় লাখ। তবে অধিকাংশ এনজিওই নিষ্ক্রিয়। বাংলাদেশে সক্রিয় এনজিওগুলো সাধারণত সমাজসেবা অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিসহ বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধিত।
এনজিও ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বিদেশি সহায়তাপুষ্ট প্রায় আড়াই হাজার এনজিও রয়েছে। এর মধ্যে ২৫০টি বিদেশি এবং ২ হাজার ২৪৪টি দেশি এনজিও। এ ছাড়া গত সাত বছরে আন্তর্জাতিক সহায়তা পেত এমন ৫০০ এনজিওর কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এনজিও ব্যুরো সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ৪ হাজার ৯৩২ কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ১২৮ কোটি টাকার সহায়তা এসেছে স্বাস্থ্য খাতে। চলতি অর্থবছরেও অর্থ আসার পরিমাণ সেভাবে বাড়েনি। প্রকল্প অনুমোদনের সংখ্যাও কম। স্বাধীনতার পর অধিকাংশ সময়ই প্রকল্পের পরিমাণ বেড়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যথাসময়ে নিবন্ধন নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে এনজিও ব্যুরোর ৪৬৪টি বেসরকারি সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। অবশ্য শতাধিক এনজিও নতুন করে আবার নিবন্ধনও পেয়েছে এই সময়ে। তবে অনেক এনজিওর অবস্থা এখন আর ভালো নয় বলে স্বীকার করছেন এনজিও খাতের লোকজন। অর্থায়নের অভাবে ছোট ছোট অনেক এনজিও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস বাংলাদেশের (অ্যাডাব) পরিচালক এ কে এম জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অনেক দাতা সংস্থা প্রকল্প শেষ করে নতুন করে অর্থায়ন করতে চাইছে না। এর একটি কারণ, বিশ্বে শরণার্থী সমস্যা বেড়ে যাওয়া। আবার এখন দাতারা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ করছে।
তবে এনজিওগুলোর তহবিলের কোনো অভাব আছে বলে মনে করেন না এনজিও ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, এটা ঠিক যে, বিশ্বে শরণার্থী সমস্যা বেড়েছে, সংঘাত বেড়েছে। দাতাদের দৃষ্টি এখন সেদিকে। কিন্তু এ জন্য এনজিওগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। পরিবর্তনশীল এই সময়ে যারা সক্ষমতা অর্জন করতে পারবে না, তারা সমস্যায় পড়বে।