সংকটে চুয়াডাঙ্গার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য অনুমোদন পাওয়া চুয়াডাঙ্গার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শুরুতেই সংকটে পড়েছে। সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামে বিরোধপূর্ণ জমিতে ক্যাম্পাস স্থাপনের চেষ্টা করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্যোক্তা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত মাসের প্রথমার্ধে এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ক্যাম্পাসের জমি বিরোধপূর্ণ হওয়ায় সেখানে প্রবেশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও গত সোমবার বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ও চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে নকশা প্রণয়ন করতে যায়। এ সময় জমির প্রকৃত মালিক দাবিদারদের পক্ষ থেকে বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। পাল্টা হামলা চালালে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মেয়র লাঞ্ছিত হওয়ার পাশাপাশি উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলিম উদ্দিন লস্কর, পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র মণ্ডল এবং জমির প্রকৃত মালিক দাবিদার মরহুম সিরাজুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক, খালেকুজ্জামান ও তাঁর স্ত্রী গুলশান আরা।সোমবারের ওই ঘটনায় আলিমউদ্দিন লস্কর হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ এনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। মামলায় মরহুম সিরাজুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক, খালেকুজ্জামান, বাবুল হোসেন; জামাতা আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের তৌহিদুর রহমান এবং খেজুরা গ্রামের আনিস ও খোকনকে আসামি করা হয়।মামলার পর গ্রেপ্তার এড়াতে আসামিরা সপরিবারে আত্মগোপনে চলে যান। সোমবার রাতে পুলিশ আনিসকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে এজাহারভুক্ত আসামি চন্দন তাঁর স্ত্রীর কর্মস্থল সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে গেলে স্থানীয় সরকারদলীয় ক্যাডাররা তাঁকে বেধড়ক মারপিট করেন। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সহসভাপতি আলী ইকবাল জোয়ার্দ্দার জানান, হানুরবাড়াদি মৌজার ওই জমি (১৫ বিঘা ছয় শতক) নিলামে কেনেন মাখালডাঙ্গা গ্রামের কলম বিশ্বাসের স্ত্রী লতিফন নেছা। এলাকার উচ্চশিক্ষার জন্য লতিফন নেছা ওই জমি বিশ্ববিদ্যালয়ের নামে আমমোক্তারনামা করে দিয়েছেন।তবে মালিক দাবিদারদের একজন বাবুল হোসেন জানান, ১৯৭০ সালে ওই জমির নিলাম রদ হয়। পরে জমির মালিক সালেহিনের ওয়ারিশরা জমিটি হানুরবাড়াদি গ্রামের মুন্সি বদর উদ্দিনের কাছে বিক্রি করেন। বদর উদ্দিন তাঁর সমুদয় জমি স্ত্রী নাফিছা খাতুন ও ছেলে সিরাজুল ইসলামের নামে রেজিস্ট্রি করে দেন। কিন্তু লতিফন নেছার ছেলে আবদুর রাজ্জাক জমিটি উদ্ধারের জন্য ২০০৪ সালে চুয়াডাঙ্গা সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত গত ৩ জানুয়ারি ওই জমির ওপর লতিফন নেছা ও তাঁর আমমোক্তার আবদুর রাজ্জাকের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। কিন্তু মামলা চলাকালেই লতিফন নেছা আলী ইকবাল জোয়ার্দ্দারের নামে আমমোক্তারনামা করে দেন, যা ২০১১ সালের ২৬ জুলাই ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নামে দলিল করে দেওয়া হয়। এ নিয়ে ২৬ জানুয়ারি চুয়াডাঙ্গার সহকারী জজ আদালতে আরও একটি মামলা হয়েছে।