জনবল, শয্যা ও চিকিৎসা-উপকরণের সংকটে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। বর্তমানে মাত্র একজন চিকিৎসক দিয়েই চলছে ওই বিভাগের চিকিৎসা কার্যক্রম। এ অবস্থায় ওই বিভাগে আসা আগুনে পোড়া রোগীরা প্রত্যাশিত সেবা না পেয়ে যন্ত্রণায় দিন কাটাচ্ছেন।
সরেজমিনে গতকাল মঙ্গলবার দুপুরে দেখা গেছে, হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের দ্বিতীয় তলায় বার্ন ইউনিট। সেখানে নারী, পুরুষ ও শিশুদের জন্য তিনটি কক্ষে ১৮টি শয্যা রয়েছে। এই শয্যাগুলোতে তো রোগী আছেই; এর বাইরে আরও ১২ জন রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনজন রোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, পর্যাপ্ত শয্যা না থাকায় তাঁরা পাঁচ দিন ধরে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
শয্যাসংকটের সঙ্গে সঙ্গে এই ইউনিটে জনবলসংকটও প্রকট। ২০১২ সালের ২১ নভেম্বর ইউনিটটি চালু হলেও অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের দুটি পদই শূন্য। রেজিস্ট্রারের দুটি পদের মধ্যে একজন অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরেই ছুটিতে। বাকি একজন কাজ করছেন। সহকারী রেজিস্ট্রারের তিনটি পদই শূন্য। একজন সেবিকা ও একজন ওয়ার্ডবয় দিয়ে কাজ চালাতে হয়। কোনো আয়া, পিয়ন ও সুইপার নেই। এ অবস্থায় আগুনে পোড়া রোগীদের সেবা দিতে গিয়ে একমাত্র চিকিৎসক এবং একজন নার্স ও একজন ওয়ার্ডবয়কে হিমশিম খেতে হয়।
ইউনিটের একমাত্র চিকিৎসক ও সহকারী অধ্যাপক মির্জ্জা মুহম্মদ তাইয়েবুল ইসলাম বলেন, ‘এখানে চিকিৎসক হিসেবে একমাত্র আমিই আছি। এবার অবরোধ চলাকালে ১০ ও ১১ জানুয়ারি পেট্রলবোমায় দগ্ধ চট্টগ্রামের কুমিরা এলাকার তাজুল ইসলাম ও কুমিল্লার লাকসামের পেয়ার মিয়া এখানে ভর্তি হন। কিন্তু চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ না থাকায় তাঁদের ১১ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজে পাঠাতে বাধ্য হই। তবে পেট্রলবোমায় দগ্ধ অপর একজনকে আমাদের পক্ষে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়। তাঁকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, গত বছর এই হাসপাতালের বহির্বিভাগে ১ হাজার ২০২ এবং অন্তর্বিভাগে ১ হাজার ৫০০ রোগী সেবা নেয়। চিকিৎসক এবং উপকরণ বাড়লে এখানে রোগীদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হতো। ২০১৩ সালে সৈয়দ মোহাম্মদ বদরুদ্দোজা নামের এক ব্যক্তি সাত লাখ টাকা দামের একটি স্কিন মেশার (চামড়া তোলার মেশিন) দেন। ওই যন্ত্রটি দিয়েই এই ইউনিটে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কিন্তু এখানকার রোগীদের জন্য আইসিইউ, পৃথক কোনো অস্ত্রোপচার কক্ষ এবং অবেদনবিদ নেই।
হাসপাতালের পরিচালক হাবিব আবদুল্লাহ বলেন, হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ হলেই বার্ন ইউনিটের শয্যাসংখ্যাসহ অন্যান্য চিকিৎসা-উপকরণ ও জনবল বাড়বে। শূন্যপদ পূরণে এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।