সংকটে ঝিমিয়ে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সংকট ও সমস্যায় স্থবির হয়ে পড়েছে সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত করপোরেশনের ৪৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দুটি মাতৃসদনের চিকিৎসাকর্মীরা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ৩১ ডিসেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ ছাড়া জনবল-সংকটে করপোরেশনের নিজস্ব অর্থায়নে চালু অপর চারটি মাতৃসদনের মধ্যে তিনটিতে রোগী ভর্তি বন্ধ রয়েছে।এডিবি প্রকল্পের অধীন ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র এবং দুটি মাতৃসদনের ৫০০ চিকিৎসক ও কর্মীদের মধ্যে এখন হতাশা দেখা দিয়েছে। তাঁদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে এডিবি দরপত্র জমা নিয়েছে। প্রকল্পটিকে সাত ভাগে ভাগ করে দরপত্র জমা নেওয়া হয়। সেখানে সিটি করপোরেশনের পাশাপাশি বেসরকারি কিছু উন্নয়ন সংস্থাও দরপত্র জমা দিয়েছে। এখন চিকিৎসাসেবা বাদ দিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত সোমবার সিটি করপোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মেয়রকে স্মারকলিপি দিয়েছেন। এর আগে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন। মেয়র মোহাম্মদ মন্জুর আলম করপোরেশনের উদ্যোগে এসব স্বাস্থ্যকেন্দ্র চালু রাখার আশ্বাস দিলেও শঙ্কা কাটছে না।সরেজমিনে দেখা গেছে, মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীও কমে গেছে। মোহরা ছাফা মোতালেব মাতৃসদনে দেখা যায়, সাধারণ শয্যা রয়েছে ১১টি। কিন্তু গতকাল বুধবার সেখানে রোগী ছিল মাত্র চারজন। তাঁদের মধ্যে দুজন অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন। মাতৃসদনের মেডিকেল কর্মকর্তা রণজিৎ পাল বলেন, ‘ডিসেম্বরে এডিবির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা কোথায় যাব, এই চিন্তায় আছি।’একই অবস্থা নগরের সিটি গেটের মোস্তফা হাকিম মাতৃসদনেরও। সরেজমিনে দেখা যায়, কর্মচারীরা ব্যস্ত চাকরির ভবিষ্যৎ নিয়ে আলোচনায়। এসব মাতৃসদনে প্রসূতিদের অস্ত্রোপচার থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা এবং শিশুদের টিকাদান কর্মসূচি রয়েছে।জানতে চাইলে প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘১১টি স্বাস্থ্যকেন্দ্র করপোরেশনকে দিয়ে বাকিগুলোতে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে সিটি করপোরেশনও অন্যদের মতো অংশগ্রহণ করেছে। এখন দেখা যাক কী হয়। তবে মেয়র আশ্বাস দিয়েছেন, সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে এসব স্বাস্থ্যকেন্দ্র চালাবে।’ভালো নেই নিজস্ব মাতৃসদনের স্বাস্থ্য: চিকিৎসক-সংকটের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত চারটি মাতৃসদন ও শিশু হাসপাতাল। এ কারণে কমে গেছে রোগীর ভিড়ও। ১০০ শয্যার মেমন হাসপাতালে গতকাল বুধবার রোগী ছিল ৫২ জন। অথচ একসময় প্রসূতিসেবার জন্য এই হাসপাতালের খ্যাতি ছিল। বন্দরটিলা, দক্ষিণ বাকলিয়া ও পূর্ব বাকলিয়ার অবশিষ্ট তিনটি মাতৃসদন ৫০ শয্যাবিশিষ্ট। কিন্তু লোকবল-সংকটের কারণে এই তিনটিতে কোনো রোগী ভর্তি করা হয় না। তারা শুধু বহির্বিভাগের সেবা দিয়ে থাকে।মেমন হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, এখানে রোগীর সংখ্যা অর্ধেকের কম। কাগজকলমে ২০ জন চিকিৎসক থাকলেও সে অনুযায়ী সেবা পাচ্ছেন না রোগীরা। সেবার মান দিন দিন কমছে বলে রোগীদের অভিযোগ। চিকিৎসক ও সেবিকার চাকরি স্থায়ী নয়। তাই তাঁরা ভালো সুযোগের অপেক্ষায় থাকেন সব সময়। মেমন মাতৃসদন ও শিশু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রশীদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকসহ সেবিকাদের চারকরি স্থায়ী না করায় বেতনকাঠামো ঠিক নেই। পারিশ্রমিক অনুযায়ী বেতন না পাওয়ায় চিকিৎসকেরা হতাশ হচ্ছেন। বেশি বেতনে বেসরকারি ক্লিনিকগুলোতে চলে যাচ্ছেন। ফলে রোগীরা সেবা পাচ্ছেন না।বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে গতকাল বুধবার বেলা একটার দিকে দেখা গেছে, কোনো চিকিৎসক নেই। তিনজন চিকিৎসকের মধ্যে দুজনই ছুটিতে। আরেকজন দাপ্তরিক কাজে বাইরে ছিলেন বলে সেবিকারা জানান।এখানে অন্তর্বিভাগে কোনো রোগী নেই। দু-একজন রোগী এলে তাঁদের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত এ রকম সাতজন রোগী আসেন। শয্যা থাকলেও তা খালি পড়ে আছে। ২০০৭ সাল থেকে চিকিৎসক-সংকটের কারণে অন্তর্বিভাগে রোগী রাখা হয় না বলে জানা গেছে। সেবিকা সুপারভাইজার জোবেদা বেগম জানান, একসময় এই মাতৃসদনে অনেক রোগী আসতেন। চিকিৎসকেরা আসেন আর চলে যান। এখন রোগী কমছে কেবল। যাঁরা আসেন, সবই জ্বর, সর্দি ও কাশির রোগী। দক্ষিণ বাকলিয়া নুরুল ইসলাম বিএসসি মাতৃসদন হাসপাতাল ও পূর্ব বাকলিয়া হাজি ওয়াইজ খাতুন মাতৃসদন হাসপাতালে একজন করে চিকিৎসক রয়েছেন। অন্তর্বিভাগ তো দূরের কথা, বহির্বিভাগেও সেবা দেওয়া সম্ভব হয় না এখানে।