সংকটে ধুঁকছে বিআইএসএফ

জনবলসংকট, মেয়াদোত্তীর্ণ যন্ত্র নিয়ে ধুঁকছে বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ)। বৈদ্যুতিক ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারী রাষ্ট্রায়ত্ত খাতের একমাত্র এই প্রতিষ্ঠান ২০০৭ সাল থেকে লোকসান দিচ্ছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে পরিচালিত বিআইএসএফ ২০১৫ সালের জুলাই থেকে গত বছরের মে পর্যন্ত (প্রভিশনাল) লোকসান দেয় ৫ দশমিক ৯০ কোটি টাকা। বিআইএসএফের সূত্র বলছে, নিয়োগ ও আধুনিকায়ন না করা এবং অদক্ষ প্রশাসনের কারণে প্রতিষ্ঠানের এমন অবস্থা।
বিসিআইসি এবং বিআইএসএফের তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালের জুলাইয়ে একটি প্রকল্পের মাধ্যমে বিআইএসএফের যাত্রা শুরু হয়। ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা সড়কের দক্ষিণ পাশে ৩০ দশমিক ৩৭ একর জায়গায় এই কারখানা এবং শ্রমিক-কর্মচারীদের আবাসিক এলাকা। ১৯৮১ সালে ৪ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন স্যানিটারি ওয়্যার প্ল্যান্ট এবং ২ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ইনসুলেটর প্ল্যান্টে উৎপাদন শুরু হয়। চাহিদা থাকায় পরে হালকা ওজনের পণ্য উৎপাদন শুরু হয়। ১৯৮৬-১৯৮৭ অর্থবছরে ১ হাজার ১০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার গ্লেজড টাইলস প্ল্যান্ট যুক্ত হয়। আর ১৯৯১-১৯৯২ অর্থবছরে বিভিন্ন প্রকার রিফ্র্যাক্টরিজ (ফায়ার ব্রিকস) উৎপাদন শুরু হয়। ফায়ার ব্রিকস বিসিআইসির অন্যান্য কারখানায় এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিনিকলগুলোতে সরবরাহ করা হচ্ছে।
এই কারখানায় বৈদ্যুতিক ইনসুলেটর, ফায়ার ব্রিকস ছাড়াও ওয়াস বেসিন, লং প্যান, হাই কমোড, চৌবাচ্চা, জলাধারের ঢাকনা, রান্নাঘরের সিংক, টয়লেট পেপার হোল্ডার, সাবান ট্রেসহ বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। বিভিন্ন অব্যবস্থাপনায় ২০০১ সালে টাইলস উৎপাদন বন্ধ হয়ে যায়। এ ছাড়া উৎপাদন কমে যাওয়ায় স্যানিটারি ওয়্যারের পণ্য পোড়ানোর তিনটি চুলার একটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বিসিআইসির ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই অর্থবছরে ১ হাজার ৬৬ মেট্রিক টন স্যানিটারি ওয়্যার, ১ হাজার ২৫ মেট্রিক টন ইনসুলেটর এবং ৪০২ মেট্রিক টন রিফ্র্যাক্টরিজ উৎপাদিত হয়। লক্ষ্যমাত্রা বেশি থাকলেও বিক্রি হয় ১০৬৮ দশমিক ২৬ মেট্রিক টন স্যানিটারি ওয়্যার, ৬৯৩ দশমিক ৯৯ মেট্রিক টন ইনসুলেটর এবং ৩৪৬ দশমিক ৯১ মেট্রিক টন ফায়ার ব্রিকস।
কারখানা সূত্র বলেছে, চালুর সময়ে যন্ত্রপাতির গ্যারান্টি ছিল ২০ বছরের। ওই যন্ত্র দিয়ে এখনো কাজ চলায় বাতিল পণ্যের পরিমাণ বাড়ছে। ১৯৯৭ সাল থেকে জনবল নিয়োগ বন্ধ। কর্মরত ব্যক্তিদের মধ্যে প্রতি মাসে চার-পাঁচজন অবসরে যাচ্ছেন। এতে ৪৬৪ জন থেকে জনবল কমে ২৬০ জন হয়েছে।
সূত্র বলেছে, কারখানাটি অন্যত্র স্থানান্তরের কথা চলছে। বিআইএসএফের এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জাবেদ আলী ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সই করা একটি চিঠি ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়। চিঠিতে কারখানার জায়গায় (স্থানান্তরের কারণ) মেট্রোরেলের জন্য আবাসিক প্রকল্প করার যে চিন্তাভাবনা চলছে, তা না করে কারখানাটি চালু রেখে আধুনিকায়নের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, চালুর পর থেকে কারখানাটি আধুনিকায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ইউনিয়নের নেতারা বলেন, গত বছর কারখানা উন্নয়নে বিসিআইসি ৪৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু বিআইএসএফের অদক্ষ প্রশাসন এ টাকা দিয়ে কী করা হবে, সে সিদ্ধান্ত নিতে না পারায় টাকা ফেরত গেছে।
বিআইএসএফ সম্পর্কে কর্মরত কেউ নাম প্রকাশ করে কথা বলতে অপারগতা জানান। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘অবসরের সময় হয়ে এসেছে। এখন এসব নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলে ওপর মহলে অপমানিত হতে চাই না।’
এসব বিষয়ে প্রথম আলোর পাঠানো লিখিত প্রশ্নের জবাবে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, বিসিআইসির অর্থায়নে বিআইএসএফের ১৭ রকম গুরুত্বপূর্ণ মেশিনারিজ কেনা বা প্রতিস্থাপনের কাজ চলমান। উৎপাদন ব্যয় কমিয়ে কারখানার আয়-ব্যয় সমান করার পরিকল্পনা করছে বিসিআইসি। তিনি বলেন, কম বয়সী বিশেষ করে কুমার সম্প্রদায়ের যুবকদের নিয়োগ দিয়ে তাঁদের যথাযথভাবে প্রশিক্ষিত করা প্রয়োজন।
কাঁচামাল নিয়ে জটিলতা
বিআইএসএফের পণ্যের প্রধান কাঁচামাল সাদা মাটি। ১৯৮৪ সালে নেত্রকোনার বিজয়পুরে সাদা মাটি আহরণ ক্ষেত্র বিআইএসএফকে হস্তান্তর করা হয়। ২০০১ সালে ৩০ হেক্টর জমি সাদা মাটির কোয়ারি (মাইজপাড়া, রানী খং এলাকা) হিসেবে ইজারা দেওয়া হয়। কিন্তু বর্তমানে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র দেওয়া-সংক্রান্ত আইনি জটিলতায় এ মাটি উত্তোলন করা যাচ্ছে না। আবার সাদা মাটি বা চীনামাটি বিদেশ থেকে আনতে হলে উৎপাদন ব্যয় বাড়বে।
এ প্রসঙ্গে বিসিআইসির চেয়ারম্যান বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। দুবার শুনানি হয়েছে। আরও শুনানি হবে।