সংকটে পাঁচবিবি উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় ও শিক্ষক-সংকটসহ নানা কারণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রাথমিক শিক্ষায় দুরবস্থা বিরাজ করছে। উপজেলার ২৬৫টি গ্রামের মধ্যে ১৬১টিতেই কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। দূরত্ব বেশি হওয়ায় শিশুরা এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে লেখাপড়া করতে চায় না। এতে উপজেলার প্রায় পাঁচ হাজার শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি পৌর ওয়ার্ডসহ আটটি ইউনিয়নের ২৫৬টি গ্রামের ৯৫টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে সরকারি ৫৮টি, বেসরকারি রেজিস্টার্ড ৩৩টি ও কমিউনিটি বিদ্যালয় চারটি। এসব বিদ্যালয়ে ২০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। এ উপজেলায় তিন লক্ষাধিক মানুষ বসবাস করে। লোকসংখ্যা ও আয়তন অনুযায়ী এখানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কম। এক গ্রাম বা ওয়ার্ড থেকে আরেক গ্রাম বা ওয়ার্ডের দূরত্ব অনেক বেশি। অনেক ক্ষেত্রে দূরত্ব পাঁচ-ছয় কিলোমিটারেরও বেশি। পাঁচবিবির ধরঞ্জি ইউনিয়নের বাসিন্দা আবদুল গনি জানান, তাঁদের ইউনিয়নের দক্ষিণ নন্দইল, পাড়ইল, হাজীপুর, মির্জাপুর, তাজপুর, কাঁচনা, কদুপাড়া, মোন্নাপাড়া গ্রামে কোনো বিদ্যালয়ে নেই। এসব গ্রামের শিক্ষার্থীরা চার-পাঁচ কিলোমিটার দূরের ধরঞ্জি ও শীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায়। মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল চৌধুরী জানান, এই ইউনিয়নের নান্দাস, শাহজাদপুর, বহরমপুর, নাকুবা, বেড়াখাই পাঁচটি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এসব গ্রামের শিক্ষার্থী পাঁচ-ছয় কিলোমিটার দূরের সড়াইল, শুকুরময়ী, নিকড়দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে। পাঁচবিবি পৌরসভার সাবেক কাউন্সিলর শাহানা আক্তার জানান, পাঁচবিবি পৌর এলাকার হরিহরপুর, দানেজপুর, পূর্ব বালিঘাটা, পশ্চিম বীরনগর গ্রামের শিক্ষার্থীরা তিন কিলোমিটর দূরের রামতনু, বীরনগর, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে। উপজেলার অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এগুলোর মধ্যে আটাপাড়ায় ৬৫২ জন এবং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬২৮ জন শিক্ষার্থী লেখাপড়া করে। এসব বিদ্যালয়ের প্রতিটি বেঞ্চে ছয়-সাতজন শিক্ষার্থী গাদাগাদি করে বসে। শিক্ষক-সংকটের কারণেও অনেক বিদ্যালয়ে সঠিকভাবে পাঠদান করা যাচ্ছে না। নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষকের স্থলে কর্মরত ছিলেন তিনজন। গত বছরের জুলাই মাসে তিনজনের মধ্যে দুজনকে প্রশিক্ষণে পাঠানো হয়। ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একজন শিক্ষক দিয়ে পাঠদানের কাজ চলছে।অনেক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। দিবাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা লিপি জানান, তাঁর বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে। তা ছাড়া তাঁদের শৌচাগারের দেয়ালে ফাটল ধরেছে। যে কোনো সময় শৌচাগার ভেঙে পড়তে পারে। সমিরন্নেছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, এখানে শ্রেণীকক্ষ-সংকট আছে। খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী। পাঁচবিবি শহরের কেন্দ্রস্থলে হওয়ার পরেও তাঁদের বিদ্যালয়ে চারদিকে সীমানাপ্রাচীর নেই। কোকতাড়া ও মৃধাপাড়া বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম চালানো হয় বাঁশের বেড়া দিয়ে তৈরি ঘরে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জানান, শিক্ষক ও শ্রেণী-সংকট, ভবন ও সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়ে প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়। পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করা হবে।