সংকটে পড়া মানুষের পাশে আশাজাগানিয়া সহচরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রুপ সহচরী। ছবি: বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রুপ সহচরী। ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বব্যাপী এই মহামারির ক্রান্তিলগ্নে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকেই দেখা যাচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ঠিক তেমনই একটি গ্রুপ সহচরী। তবে এটি কোনো সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নয়। গুটিকয়েক বন্ধুরা মিলে গঠিত একটি গ্রুপ সহচরী। বরিশাল শহরের সহচরী গ্রুপটি আশাজাগানিয়া হয়ে কাজ করছে।

সহচরী ইভেন্টের অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহসভাপতি রিকি হায়দার আশা। তিনি বলেন, ‘সারা বিশ্বের এই ক্রান্তিলগ্নে কী করে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই নৈতিক দায়বদ্ধতা থেকেই মূলত প্রথমে আমি ও আমার বেশ কয়েকজন স্কুল-কলেজের বন্ধু মাহেরা, মুনিয়া, ফারজানা, তুষা, অনন্যা, পূজা, সূচনা মিলে এ উদ্যোগ নিই। ধীরে ধীরে বেশ সাড়া পাওয়ায় আমরা এ উদ্যোগ অব্যাহত রাখি। যেখানে ডোনেট করে পাশে রয়েছেন বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বরিশাল শহরের বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ।’

বরিশাল শহরের সহচরী গ্রুপটি আশাজাগানিয়া হয়ে কাজ করছে। বিজ্ঞপ্তি
বরিশাল শহরের সহচরী গ্রুপটি আশাজাগানিয়া হয়ে কাজ করছে। বিজ্ঞপ্তি

বরিশাল শহরের অন্য ইভেন্টগুলোর মতো বেশ ভালো সাড়া–জাগানিয়া এ সহচরী গ্রুপ। খুব সাবধানে দূরত্ব বজায় রেখে নিজেরা অনুসন্ধান করে অসহায় মানুষের ঘরের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে তারা উপহারসামগ্রী। উত্তোলিত অর্থের হিসাব নিয়মিত আপডেট দিচ্ছে তারা ফেসবুক গ্রুপে খরচের হিসাবসহ। এখন পর্যন্ত মোট ১২০ পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা উপহারসামগ্রী নিয়ে।

ঈদ সামনে রেখে তাই এ ইভেন্টের অন্যতম উদ্যোক্তা রিকি হায়দার আশা সবার প্রতি তাঁদের উদাত্ত আহ্বান রেখেছেন তাঁদের পাশে দাঁড়াতে। যেন তাঁরা আরও বেশিসংখ্যক মানুষের পাশে দাঁড়াতে পারে। এমনকি অসহায় কিন্তু আত্মসম্মানের ভয়ে যাঁরা তাঁদের সমস্যার কথা মুখ ফুটে বলতে পারছেন না, তাঁদের যোগাযোগ করতে বলেছে সহচরী গ্রুপের সঙ্গে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে তাদের সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়াতে। বিজ্ঞপ্তি