ডিইউডিএস সংকটে পড়া শিক্ষার্থীদের অভয়বাণী শোনাচ্ছে

বাংলাদেশের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি সংকটে সাহসের নজির রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্বজুড়ে চলমান করোনা মহামারির সময়েও সেই ধারার ব্যতিক্রম ঘটেনি। তবে ব্যতিক্রম ঘটেছে চিন্তায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (ডিইউডিএস) এমন এক উদ্যোগ নিয়েছে, যার প্রশংসা করেছেন খোদ শিক্ষামন্ত্রী দীপু মনি।
গত ১৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ আবাসিক হল বন্ধ হয়ে যাওয়ায় নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন শিক্ষার্থীরা। ঘরে ফিরে গেলেও টানা লকডাউনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে শিক্ষার্থীরা উভয় সংকটে পড়েন। একদিকে ঘরে খাদ্যের অভাব অন্যদিকে বাইরের মানুষের কাছে হাত পাতার লজ্জা। অভাব চেপে রেখে ‘ভালো আছি’ বলা সে সব নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কাছে ডিইউডিএস আবির্ভূত হয়েছে অভয়বাণী নিয়ে। ‘পাশে আছি বন্ধু’ স্লোগান নিয়ে ‘সংকটকালীন বৃত্তি’ দিয়ে যাচ্ছে সংগঠনটি।
কোনো ধরনের সেলফি কিংবা প্রচার ছাড়াই সাহায্য নেওয়া শিক্ষার্থীর পরিচয় গোপন রেখে নীরবে আর্থিক সাহায্য পৌঁছে দিচ্ছে ডিইউডিএস। গত ৩ এপ্রিল থেকে ‘ডিইউডিএস’ যুক্তির লড়াই ছেড়ে মানবতার লড়াইয়ে সক্রিয় রয়েছে। গতকাল বুধবার (৬ মে) পর্যন্ত ২৪৩ জনকে সহায়তা দিয়েছে সংগঠনটি। এ পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ৭৯৫ টাকার বৃত্তি প্রদান করেছে। এর বাইরে আরও ৫২ জনকে অন্যান্য মাধ্যম থেকে সহায়তার ব্যবস্থা করে দিয়েছে।
সর্বপ্রথম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ডিইউডিএস যে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে, তা এখন ছড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও হলসহ বিভিন্ন ক্যাম্পাসে। টিউশনি বা খণ্ডকালীন কোনো কাজ করে যে শিক্ষার্থীরা নিজেদের খরচ চালাতেন, তাঁদের পাশে দাঁড়ানোর এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে এই কার্যক্রমে অনুদান দিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেও।

শিক্ষার্থীদের আত্মসম্মানের দিকে খেয়াল রেখে, রাখা হয়েছে পরিশোধের ব্যবস্থাও। ডিইউডিএসের একাধিক বিতার্কিকের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আর্থিক সহায়তা নেওয়া শিক্ষার্থী চাইলে সমপরিমাণ টাকা ফেরত দিতে পারবেন। তবে ফেরত দেওয়ার সক্ষমতা না থাকলে ফেরত দেওয়া বাধ্যতামূলক নয়। অন্যদিকে আবেদনকারী শিক্ষার্থীদের পরিচয় সভাপতি, সাধারণ সম্পাদক ও চিফ মডারেটর ব্যতীত অন্য কাউকে জানানো হয় না।
বিশ্ববিদ্যালয় যত দিন খুলবে না, এই সংকট চলাকালে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পরিবারও যেদিন কষ্টে থাকবে না, সেদিন পর্যন্ত ডিইউডিএস এ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। মূলত সাবেক বিতার্কিকদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে সংকটে পড়া শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছে ডিইউডিএস। সংকটে যাঁরা ভুগছেন, তাঁরা ডিইউডিএসের সঙ্গে যোগাযোগ করতে বিন্দুমাত্র সংকোচবোধ করবেন না। পরিচয় গোপন রেখে সহায়তা পৌঁছে দেবে ডিইউডিএস।
*লেখক: সভাপতি, ডিইউডিএস