>* গতকাল বাতিল হয় দুটি ফ্লাইট। এ নিয়ে গত ১৩ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৫টি হজ ফ্লাইট বাতিল হলো * গতকাল আটটি ফ্লাইটে ৩১৭৪ জন সৌদি গেছেন * এ পর্যন্ত ৮৪ হাজার ৮৭০ জনের ভিসা হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৩৯ জন সৌদি আরবে পৌঁছেছেন

সৌদি আরবে বাড়িভাড়া, ভিসা করাসহ হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তার দায় নিচ্ছে না কোনো কর্তৃপক্ষ।
ধর্ম মন্ত্রণালয় বলছে, বেশ কিছু হজ এজেন্সি সময়মতো সৌদি আরবে বাড়ি ভাড়া না করায় ভিসা জটিলতাসহ অন্যান্য সংকট তৈরি হয়েছে। বিমান কর্তৃপক্ষ বলছে, তাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও হজযাত্রী না পাওয়ায় ফ্লাইট বাতিল করতে হচ্ছে। এর ফলে শেষ দিকে চাপ বাড়বে। এ ছাড়া প্রায় ৫ হাজার যাত্রীকে পাঠানোর বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের নেতারা সময়মতো বাড়ি ভাড়া করতে কিছু এজেন্সির ব্যর্থতার কথা স্বীকার করলেও সামগ্রিক সমস্যার জন্য আরও কিছু অজুহাত দিচ্ছেন। আবার হজ এজেন্সিগুলোকে পর্যবেক্ষণের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের গাফিলতির বিষয়টিও সামনে এসেছে। কিন্তু মন্ত্রণালয় এজেন্সির ওপর দোষ চাপিয়ে দায় সারছে।
হাবের (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) মহাসচিব শাহাদাত হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এই দায় আমাদের না। আমরা দুই মন্ত্রীর সঙ্গে আজ (বৃহস্পতিবার) বিকেলে বৈঠক করেছি। তাঁরা কেউ দায় চাপাননি।’
সময়মতো বাড়িভাড়া ও ভিসা না করানোর প্রসঙ্গে জানতে চাইলে হাবের মহাসচিব বলেন, ‘ভিসা আবেদন দুই মাস আগে করা সম্ভব নয়। বাড়ি ভাড়া করার পরই ভিসা সম্পন্ন হয়। হয়তো হতে পারে এজেন্সিগুলো কিছুটা স্লো ছিল। এজেন্সিগুলোকে ডেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সে কারণেই গত দুই দিনে ফল এসেছে।’
এদিকে যাত্রীসংকটের কারণে গতকাল বৃহস্পতিবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুটি হজ ফ্লাইট বাতিল করেছে। এ নিয়ে গত ১৩ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৫টি হজ ফ্লাইট বাতিল হলো। এর ফলে ১০ হাজার ৭৬৭ জন পরিবহনের ক্ষমতা হারিয়েছে (ক্যাপাসিটি লস) বিমান। গতকাল সৌদি এয়ারলাইনসের চারটি ও বিমানের চারটি ফ্লাইটে ৩ হাজার ১৭৪ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
উদ্ভূত সংকট সুরাহা করতে ধর্ম মন্ত্রণালয় গতকাল ৩৭৭টি হজ এজেন্সির সঙ্গে বৈঠক করেছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সব এজেন্সিকে বলা হয়েছে যাত্রী পাঠানোর নিশ্চয়তা দিতে। তাদের অনেকেই ফ্লাইটসূচির প্রমাণপত্র দাখিল করেছে। অনেকে টিকিটও দাখিল করেছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে এ পর্যন্ত ৮৪ হাজার ৮৭০ জনের ভিসা হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৩৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি আরব পৌঁছানোর বাকি আছে ৭৫ হাজারের বেশি জনের। আর এখন ভিসাযুক্ত পাসপোর্ট নিয়ে বিমানের টিকিটের অপেক্ষায় আছেন ৩২ হাজার ৮৩১ জন।
গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘বিমান তো বসে আছে। এখন যদি হজ এজেন্সিগুলো যাত্রী না দেয়, তাহলে বিমানের কী করার আছে।’
মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষ তাগাদা দিলেও যেসব হজযাত্রীর ভিসা হয়ে আছে, তাঁদের এখনই ফ্লাইটে পাঠাচ্ছে না এজেন্সিগুলো। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ৩২ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়ে আছে। কিন্তু তাঁদের পাঠানো যাচ্ছে না। কারণ, এজেন্সিগুলো বাড়িভাড়ার নির্ধারিত তারিখের আগে হজযাত্রীদের সৌদি আরবে নিতে চাইছে না। তারা এতে লাভ-লোকসানের হিসাব বিবেচনা করছে। হাবের একটি সূত্র বলছে, ভ্রমণের তারিখ অনুযায়ী সৌদি আরবে বাড়ি ভাড়া করা হয়েছে। পরের দিকের যাত্রীদের এখন পাঠানো হলে থাকা-খাওয়ার বাড়তি খরচ হবে, যা এজেন্সিকে বহন করতে হবে। অভিযোগ আছে, প্রতিবছরই কিছু এজেন্সি বাড়িভাড়া ও খাওয়ার খরচ বাঁচাতে কারসাজি করে, যার ফলে হজযাত্রী পাঠানোয় জটিলতা তৈরি হয়।
এ ধরনের পরিস্থিতি তৈরির জন্য দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে এই মুহূর্তেই ব্যবস্থা নিতে চাইছি না। আমাদের এখন প্রথম প্রয়োজন সবাইকে হজে পাঠানো। যারা গুরুতর অনিয়ম করছে, তাদের বিরুদ্ধে অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নেওয়া হবে।’ তিনি জানান, প্রাক্-হজ ফ্লাইটে যাত্রী পরিবহনের সংকট তৈরি হলেও হজ শেষে ফিরতি ফ্লাইটে এ সমস্যা হবে না।
ভোগান্তি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো দিকে আশকোনায় হজ ক্যাম্পে গেলে অনেকেই ফ্লাইট বাতিল হওয়া, ভিসা-টিকিট না পাওয়া, বাড়িভাড়া সমস্যা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।
রংপুরের পাটগ্রাম থেকে এসেছেন আবুল কাশেম। তাঁরা একসঙ্গে ৪৬ জন আছেন। গতকাল পর্যন্ত ভিসা ও টিকিট হাতে পাননি। তিনি প্রথম আলোকে বললেন, ‘ভিসা নিয়ে আশঙ্কায় আছি। এখানে টাকা খরচ করে থাকতে কষ্ট হয়। এজেন্সি বলেছে, শুক্রবার রাতে ১২টায় ফ্লাইট হবে।’
বুধবার ভোরে নোয়াখালী থেকে হজ ক্যাম্পে এসেছেন আবদুর রব। তাঁরা ২৮ জন হজ ক্যাম্পের দোতলার ৩ নম্বর রুমে আছেন। তিনি বললেন, ‘এখানে এসে কষ্ট করার কোনো মানেই হচ্ছে না। এর দায় তো এজেন্সিগুলোর ও সরকারের। আমরা তো কেবল যাত্রী। দুশ্চিন্তা করে আর কী হবে। এজেন্সি বলছে, আজ রাতে সব কাগজ দেবে। দেখি কী হয়।’