মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সামনের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দিয়ে আবারও প্রমাণ করবে রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাঁটি। তিনি বলেন, দেশ সংকটের দিকেই এগোচ্ছে।
চার দিনের সফরে রংপুরে এসে গত বুধবার স্থানীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন। ঈদের নামাজের আগে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন।
উল্লেখ্য, জনমত যাচাই ও নিজ দলের প্রচারণায় গত রোববার থেকে বুধবার পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান এরশাদ।
প্রথম আলোর জনমত জরিপ ও সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত জাতীয় পার্টি ঘুরে দাঁড়াতে পারছে না এমন খবরের বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এসব খবর তাদের মনগড়া। ঘরে বসে এসব প্রতিবেদন তৈরি না করে গ্রামের মানুষের কাছে গিয়ে দেখুন, এখানকার জনগণ কোন দলকে চায়।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এরশাদ বলেন, একদল দা-কুড়াল নিয়ে মাঠে নামার জন্য মানুষকে আহ্বান জানিয়েছে। আরেক দল দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় দেশ কোন দিকে যাচ্ছে, তা বলা খুব কঠিন। তবে দেশ সংকটের দিকেই এগোচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে রাজনৈতিক ঐক্য প্রয়োজন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, বৃহত্তর রংপুর জেলার ২২টি আসনে এবার জাতীয় পার্টি একক প্রার্থী দেবে। এবার আর কোনো দলকে ছাড় দেওয়া হবে না।