সংকটের রাজনৈতিক সমাধান হতে হবে: ফয়সালের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, আইনের প্রতি তাঁর শ্রদ্ধা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাঁর সহকর্মী ও কর্তৃপক্ষও তাঁকে আইনের পথে চলার পরামর্শ দিয়েছেন। তিনি মামলা করবেন।


ময়নাতদন্তের পর তাঁর ছেলের লাশ গ্রহণের জন্য ঢাকা মেডিকেলে এলে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল কাসেম এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, যে ঘটনা ঘটছে তা দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিরই অংশ। এর সমাধান রাজনৈতিক ভাবেই হতে হবে। নইলে এ ধরনের হামলা বন্ধ হবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর অনেক তৎ​পরতা আছে। এর প্রতিক্রিয়ায় আলকায়েদাসহ অনেক জঙ্গিগোষ্ঠীর উত্থান হচ্ছে। পশ্চিমারা এর কারণ হিসেবে ধর্মকে সামনে আনছে।
কিন্তু এর পেছনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কারণ আছে।

গতকাল শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ ​প্রতিষ্ঠানের কার্যালয়ে খুন হন ফয়সাল আরেফিন।