সংকেত অমান্য, ট্রাফিকের ওপর ট্রাক, মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজপত্র দেখার জন্য ট্রাকচালককে থামার সংকেত দিয়েছিলেন ট্রাফিক পুলিশ। সংকেত অমান্য করে চালক ট্রাকটিই উঠিয়ে দেন কর্তব্যরত সেই পুলিশের ওপর। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্যের নাম নজরুল ইসলাম (৫০)। তিনি রাজশাহী জেলা ট্রাফিকের হাবিলদার ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি সপরিবারে রাজশাহী শহরে থাকতেন। এদিকে ট্রাকচালক রিপন সরকারকে (২৮) আটক করা হয়েছে। তাঁর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেরা গ্রামে। তিনি দাবি করেছেন, ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সোহরাব আলী জানান, ট্রাফিক পুলিশের হাবিলদার আরশেদ আলী ও নজরুল সকাল থেকে মহাসড়কের কালীতলায় মালবাহী বিভিন্ন ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই করছিলেন। দুপুর ১২টার দিকে রাজশাহীগামী মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১১-০০৬৮) থামানোর জন্য নজরুল সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করতে যাচ্ছেন—এমনটি বুঝতে পেরে নজরুল রাস্তার মাঝে গিয়ে দাঁড়ান। চালক তখন নজরুলের ওপর দিয়েই ট্রাকটি চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি নওগাঁ থেকে চাল নিয়ে রাজশাহীর বাঘায় যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।মোহনপুর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটকের পর চালক ও ট্রাকটি মোহনপুর থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।