সংকেত পেলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, উপকূলের মানুষকে রক্ষায় আরও বেশি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হবে। দুর্যোগকালীন সংকেত পেলে দ্রুত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উপকূলের বাসিন্দাদের প্রতি অনুরোধ জানান তিনি। মন্ত্রী বলেন, আশ্রয়কেন্দ্রে গেলে প্রাণহানির ঘটনা কমে আসবে। গতকাল সোমবার সকালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সরকার আপনাদের পাশে আছে। টিন, নগদ অর্থসহ আপনাদের বিভিন্ন সহায়তা দেওয়া হবে। আপনারা নতুন করে ঘর বানাবেন।’
এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।