
পয়লা বৈশাখ, নববর্ষের আগের দিন গতকাল রোববার রাজধানী ঢাকা ছিল কার্যত যানজটে অচল। চৈত্রের প্রচণ্ড দাবদাহের সঙ্গে তীব্র যানজট নগরবাসীর জন্য দুঃসহ অভিজ্ঞতা বয়ে আনে।
গতকাল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে সংকেত বাতি মেনে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হলেও স্বস্তি মেলেনি। দুপুর নাগাদ যানজট তীব্র হয়ে উঠলে অনেক স্থানে সংকেত বাতি বাদ দিয়ে ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যান পারাপার করেন।
বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বাংলামোটর হয়ে যানবাহনের সারি গিয়ে ঠেকে শাহবাগ পর্যন্ত। এ সময় বিজয় সরণি ছিল যানবাহনে ঠাসা। এর আগে মিরপুর রোড, শাহবাগ মোড় ও পল্টন-মতিঝিলেও তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণে গলদঘর্ম হতে দেখা যায়।
কারওয়ান বাজার মোড়ে ট্রাফিক পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সকালে আজ ষোলোআনা সংকেত বাতি দেখে যান চলাচল করছিল। একপর্যায়ে লম্বা যানজট সৃষ্টি হলে আড়াইটার দিকে অবস্থা বুঝে ব্যবস্থার ভিত্তিতে হাতের ইশারায় যান পারাপার করি।’
দুপুরে রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কথা হয় মুহিবুল ইসলাম, মাহবুবুর রহমান ও আবুল কালাম আজাদের সঙ্গে। তাঁরা জানান, ইনস্টিটিউশনে একটি আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য সকাল সাড়ে ১০টায় পল্লবী থেকে বাসে উঠেছিলেন। গন্তব্যে পৌঁছান বেলা দেড়টায়। এর মধ্যে বিজয় সরণি থেকে ফার্মগেট পার হতেই লাগে এক ঘণ্টার বেশি। গন্তব্যে পৌঁছে দেখেন কর্মসূচি শেষ।
দুইটার দিকে শাহবাগের যানজট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত গিয়ে ঠেকে। গুলিস্তান-বিমানবন্দর পথে চলাচলকারী একটি বাসের চালকের সহকারী কামরুজ্জামান বলেন, সকালে বিমানবন্দর থেকে গুলিস্তান আসতে সাড়ে তিন ঘণ্টা লেগেছে। পাশেই বিকল্প অটো সার্ভিসের একটি বাসের যাত্রী মুহিত উল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি মিরপুর থেকে গুলিস্তান আসার পথে সংসদ ভবনের খেজুরবাগান থেকে ফার্মগেটের সিগন্যাল পার হতেই আধা ঘণ্টার বেশি লেগে যায়।
ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সংকেতব্যবস্থা নিয়ন্ত্রণ করে আসছে ঢাকা সিটি করপোরেশন। কোন পথে কতক্ষণ কোন বাতি জ্বলবে সেটা আগেই স্থাপন করা। কিন্তু ঢাকায় একেক সময় একেক পথে যানবাহনের সংখ্যা বাড়ে-কমে। তাই সংকেত বাতি অনুযায়ী চালাতে হলে সেভাবেই পরিকল্পনা ও সমীক্ষা করে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সংকেত বাতির ভিত্তিতে যান চলাচলের ব্যবস্থা করে যানজট এড়ানো যাবে না।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ এখনো পুরো সংকেতব্যবস্থা সিটি করপোরেশন থেকে বুঝে পায়নি। পরীক্ষামূলকভাবে গতকাল কিছু কিছু স্থানে সংকেত মেনে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সফল হলে সব স্থানে তা কার্যকর করা হবে।