সংকেত-ব্যবস্থা ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান
বরগুনাসহ বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকার বিভিন্ন নৌপথের সংকেতবাতি নষ্ট ও চুরি হয়ে গেছে। এতে এসব নৌপথে মাছ ধরার ট্রলার, লঞ্চ, জাহাজসহ বিভিন্ন নৌযান ঝুঁকি নিয়ে চলাচল করছে।খোঁজ নিয়ে জানা গেছে, চুরি হয়নি এমন বাতি, কালো ড্রাম ও অন্যান্য সংকেতবাতি রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়েছে। এতে উপকূলের বিভিন্ন এলাকার নৌপথনির্ভর যোগাযোগব্যবস্থা এখন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে । জানা গেছে, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, পিরোজপুর, ভোলা ও বরিশালের প্রায় দেড় লাখ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরেন। কিন্তু সাগর উপকূলের বরগুনার লালদিয়া, আশার চর, নিদ্রাসকিনা, ফাতরারচর, সোনারচর, রূপারচর, বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন কচিখালী, ডিমেরচর, পাকদিয়া, ডালাচর, কুয়াকাটার লেবুরচর এলাকায় সংকেতবাতি না থাকায় ঝড়ের সময় জেলেদের নিরাপদে ফিরতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এসব কারণে প্রায়ই দুর্ঘটনার পাশাপাশি বাংলাদেশি জেলেরা ভুল করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বছরের পর বছর ভারতীয় কারাগারে বন্দী থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় ১৫০টি সংকেতবাতি ছিল। এগুলোর মধ্যে বেশ কিছু বাতি ঘূর্ণিঘড় সিডর ও আইলার আঘাতে নষ্ট হয়ে গেছে। বাকিগুলো সংঘবদ্ধ চক্র চুরি করে নিয়ে গেছে। কুয়াকাটার লেবুরচর ও বরগুনার তালতলীর ফাতরারচর এলাকায় তিনটি সংকেতবাতি ঘূর্ণিঝড় আইলায় অকেজো হয়ে পড়লেও দীর্ঘ দিনে তা সচল করার উদ্যোগ নেওয়া হয়নি। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলের কয়েক হাজার জেলে নৌকা ও ট্রলারের দিক নির্ণয়ের একমাত্র ভরসা হচ্ছে এসব সংকেতবাতি। কিন্তু এসব বাতির বেশির ভাগই অকেজো হয়ে পড়েছে। একটি সংঘবদ্ধ চক্র এসব বাতির সৌর প্যানেল খুলে নিয়ে গেছে। ফলে সমুদ্রগামী জেলেদের প্রতিনিয়ত সীমাহীন বিড়ম্বনায় পড়তে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সৌর বিদ্যুৎচালিত সংকেতবাতির মতো জেলার অভ্যন্তরীণ নৌ-রুটে স্থাপিত সংকেতবাতি, কালো ড্রাম, সাদা ড্রাম ও অন্যান্য সরঞ্জামের অবস্থা বর্তমানে করুণ অবস্থা। এসব বাতির অধিকাংশ চুরি হয়ে গেছে। এগুলো পুনঃস্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এতে ঝুঁকি নিয়ে দক্ষিণাঞ্চলের পায়রা, বিষখালী, বলেশ্বর নদী পাড়ি দিয়ে জেলার লঞ্চ, ট্রলার ও অন্যান্য যানবাহন চলাচল করে। এসব নদীর অধিকাংশ স্থানেই সংকেতবাতি না থাকায় রাতের বেলা নৌযান চালকদের প্রায়ই বিপাকে পড়তে হচ্ছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা চরে লঞ্চ, ট্রলার আটকে থাকে। বরিশাল নৌবন্দরের উপপরিচালক তৌফিকুল ইসলাম বলেন, সংকেতবাতি চুরি বন্ধ করা যাচ্ছে না। তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নতুন করে বাতি স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।