সংকেতবাতি চুরি, অকেজো, নৌ-যোগাযোগ বিপর্যস্ত
নদীপথের বেশির ভাগ সংকেতবাতি অকেজো ও চুরি হয়ে যাওয়ায় বরগুনাসহ দক্ষিণাঞ্চলের নৌ-যোগাযোগে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে শীত মৌসুমে রাতে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল করতে গিয়ে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটছে এবং চরে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ১৫ দিনে বরগুনা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকা যাতায়াতকারী লঞ্চ ও ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। পিরোজপুরের ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এমভি শাহীদূত লঞ্চ। এটি ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ১০টার দিকে দিক ভুলে বরিশালের উজিরপুর উপজেলার চৌধুরীরহাট এলাকায় সন্ধ্যা নদীর চরে আটকে যায়। এ সময় লঞ্চের ধাক্কায় উজিরপুর-চৌধুরীরহাট সড়কের একটি লোহার সেতু ভেঙে যায়। ১২ ঘণ্টা পর লঞ্চটি উদ্ধার করা হয়।বরগুনা-ঢাকা নৌপথের এমভি মশিউর খান লঞ্চের পরিদর্শক জাহিদ মোল্লা জানান, শীত শুরুর পর থেকে লঞ্চ চলাচলে প্রচণ্ড বিঘ্ন ঘটছে। বেশির ভাগ সংকেতবাতি অকেজো হওয়ায় ঘন কুয়াশায় চরে আটকা পড়া লঞ্চের যাত্রীরা ১০-১২ ঘণ্টা পর্যন্ত দুর্ভোগ পোহান। বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, পিরোজপুর, ভোলা ও বরিশালের প্রায় আড়াই লাখ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। উপকূলে বরগুনার লালদিয়া, আশারচর, নিদ্রাসকিনা, ফাতরারচর, সোনারচর ও রূপারচর; বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন কচিখালী, ডিমেরচর, পাকদিয়া ও ডালাচর এবং পটুয়াখালীর কুয়াকাটার লেবুরচর এলাকার সংকেতবাতি চুরি হয়ে গেছে। এতে শীত মৌসুমে ও ঝড়ের সময় জেলেদের নিরাপদে ফিরতে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল ও পটুয়াখালী কার্যালয়ের কর্মকর্তারা জানান, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় ১৫০টি সংকেতবাতি ছিল। গত পাঁচ বছরে কমপক্ষে ৪০টি বাতি চুরি হয়ে গেছে। এর মধ্যে গত এক বছরে চুরি হয়েছে আটটি বিকনবাতি, আটটি সোলার প্যানেল ও ছয়টি সিগন্যাল বাতি। বেশির ভাগ বাতি ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে নষ্ট হয়ে গেছে। কুয়াকাটার লেবুরচর ও বরগুনার তালতলীর ফাতরারচর এলাকায় তিনটি সংকেতবাতি আইলায় অকেজো হয়ে গেলেও এ পর্যন্ত সচল করার উদ্যোগ নেওয়া হয়নি।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলের কয়েক হাজার জেলে নৌকা ও ট্রলারের দিক নির্ণয়ের একমাত্র ভরসা হচ্ছে এসব সংকেতবাতি। কিন্তু এগুলোর বেশির ভাগই অকেজো হয়ে পড়েছে। একটি সংঘবদ্ধ চক্র এসব বাতির সৌর প্যানেল খুলে নিয়ে গেছে।সৌরবিদ্যুৎ-চালিত সংকেতবাতির মতো অভ্যন্তরীণ নৌপথে স্থাপিত সংকেতবাতি, কালো ড্রাম, সাদা ড্রাম ও অন্যান্য সরঞ্জামের অবস্থাও বর্তমানে করুণ। এসব বাতির অধিকাংশ চুরি হয়ে গেছে।বিআইডব্লিউটিএর পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংকেতবাতিগুলো চুরি ও অকেজো হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলে নৌচলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এসব বাতি পুনঃস্থাপনের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ বিআইডব্লিউটিএ বরিশালের নৌসংরক্ষণ বিভাগের উপপরিচালক আশরাফ হোসেন জানান, সংকেতবাতি চুরি বন্ধ করা যাচ্ছে না। তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। নতুন করে বাতি স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।