দিকনির্দেশক বাতি-বয়াসহ সংকেতব্যবস্থা নাজুক হয়ে পড়ায় ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নৌপথ ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ হয়ে উঠেছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত ১৬টি দুর্ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন।
নৌযানের চালকদের অভিযোগ, সংকেতব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) বিষয়টি জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ঢাকা থেকে বরিশালে আসার পথে মেঘনা নদীর মাঝেরচর (হাইমচর) এলাকায় বয়ায় কোনো বাতি নেই। আবার মেঘনা নদী পাড়ি দিয়ে বরিশালে ঢোকার মুখে মিয়ারচর নামক স্থানে বয়া থাকলেও তাতে কোনো বাতি নেই। ঝুঁকি নিয়ে নৌযান চলাচল করছে। এ ছাড়া বরিশালের হিজলা এলাকায় নদীর পাড়ে সাদা ও সবুজ এবং হিজলার ডান পাশের সবুজ সংকেতবাতির জন্য টাওয়ার থাকলেও তাতে বাতি নেই। এ এলাকা থেকে একটু সামনে এসে খেজুরতলা এলাকায়ও লাল ও সবুজ সংকেতবাতি থাকার কথা, কিন্তু সেখানে বাতি জ্বলছে না। একইভাবে চরশিবলী পাড়ের লাল ও সবুজ দুটি বাতি, জাঙ্গালিয়া, ভাসানচর, গাজীরচর এলাকায় একটি করে বাতি, শ্রীপুরের মাঝেরচরে চারটি সংকেতবাতি, ফিশারিঘাট পাড়ে তিনটি বাতি জ্বলছে না। যদিও এসব এলাকায় টাওয়ার আছে। এ ছাড়া দুর্গাপাশা এলাকায় কোনো সংকেতবাতিই নেই।
তবে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, দেশের ৬ হাজার কিলোমিটার নৌপথে বাতিযুক্ত বয়া আছে মাত্র ৭৪টি। এর মধ্যে ঢাকার সদরঘাট, চাঁদপুর ও বরিশাল নৌবন্দরে আছে ৩২টি। এই তিন নৌপথে ৩১৭টি টাওয়ার বাতি থাকার কথা থাকলেও আছে ২১৬টি। এর মধ্যে ঢাকার সদরঘাট নৌবন্দরের আওতায় ১ হাজার ৪৯৯ কিলোমিটার নৌপথে রয়েছে পাঁচটি বাতিযুক্ত বয়া ও ৩৮টি সংকেতবাতির টাওয়ার (বিকন), বরিশাল নৌবন্দরের আওতায় ১ হাজার ১৮৫ কিলোমিটার নৌপথে রয়েছে ১০টি বাতিযুক্ত বয়া ও ১০৩টি সংকেতবাতিযুক্ত টাওয়ার। এ ছাড়া চাঁদপুর নৌবন্দরের আওতায় ৭১৩ কিলোমিটার নৌপথে রয়েছে ১৭টি বাতিযুক্ত বয়া ও ৭৫টি বাতিযুক্ত সংকেত টাওয়ার।
কিন্তু এসব পথে চলাচলকারী নৌযানের চালক ও মাস্টারেরা বলেছেন, বিআইডব্লিউটিএ কাগজে-কলমে এসব তথ্য দিলেও বাস্তবে এর কোনো মিল নেই। তাঁরা বলছেন, এমনিতেই বয়া-বিকন বাতির সংখ্যা অপ্রতুল। তার ওপরে যেগুলো আছে, সেগুলো তদারক ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে কাজ করছে না।
বরিশাল-ঢাকা পথে চলাচলকারী সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার রুহুল আমীন বলেন, বরিশাল-ঢাকা নৌপথের অনেক জায়গায় বাতি ও মার্কার না থাকায় লঞ্চ চালাতে সমস্যা হচ্ছে। বিশেষ করে শীত ও বর্ষা মৌসুমে বেশি দুর্ঘটনা ঘটে। শীতে কুয়াশা আর বর্ষাকালে নদীতে পানির স্রোত বেশি থাকায় রাতে দিক নির্ণয় করা দুরূহ।
একই পথের পারাবত-১২ লঞ্চের মাস্টার আবুল কালাম বলেন, ঢাকা-বরিশাল নৌপথে মেঘনা নদীর নোমোরহাট থেকে মিয়ারচর ৩০ কিলোমিটার খুবই ঝুঁকিপূর্ণ। এমন কোনো দিন নেই এই পথে দুর্ঘটনা ঘটে না। অথচ এখানে কোনো সংকেতবাতি নেই। সম্প্রতি একই দিনে মিয়ারচরে ছয়টি কার্গো ও বলগেট ডুবে যায়। সেগুলো এখনো উদ্ধার করা যায়নি বলে ওই অংশে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ ছাড়া ঢাকা ও হাতিয়া পথে ঢাকা থেকে কালীগঞ্জ পর্যন্ত বিশ্বরোড, তুলাতলী, দৌলতখাঁ, চরফ্যাশন, তজুমদ্দিন, মনপুরা, হাতিয়া পর্যন্ত পথে পাঁচ-ছয় বছর ধরে সংকেতবাতির অস্তিত্ব নেই বলে জানান ঢাকা-হাতিয়া যাত্রাপথে চলাচলকারী এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার আজমল হোসেন।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের নৌ সংরক্ষণ বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, ঢাকা-বরিশাল নৌপথে সংকেতবাতির কোনো সংকট নেই। কিছু জায়গায় বাতি, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সেগুলো ঠিক করার জন্য প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।