সংকোচ ভাঙতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে স্তন ক্যানসার নিরাময় করা সম্ভব। কিন্তু দেশে অধিকাংশ নারীই স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন নন। অনেকে বুঝতে পারলেও লজ্জা ও সংকোচে সময়মতো চিকিৎসকের কাছে যেতে চান না। এই সংকোচ ভাঙতে হবে, স্তন ক্যানসার সম্পর্কে নারী-পুরুষ সবাইকে সচেতন হতে হবে।
স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রামে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। নগরের জাকির হোসেন সড়কে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে মহিলা ক্যানসার সচেতনতা সোসাইটি নামের একটি সংগঠন। স্তন ক্যানসার সচেতনতা তৈরির জন্য মানববন্ধনে অংশগ্রহণকারীরা গোলাপি রঙের ব্যাজ ধারণ করেন।
মানববন্ধনে অংশ নেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশান আরা আলী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ শাহানা বেগম, চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান হাসিনা জাফর, মহাসচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম উইমেন চেম্বারের সদস্য জান্নাত আরা বেগম, রোটারিয়ান মিনহাজ উদ্দিন, মহিলা ক্যানসার সচেতনতা সোসাইটির আহ্বায়ক নাহিদা খানম, উপদেষ্টা আহমেদ সাঈদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা বিশ্বে অক্টোবর মাসে স্তন ক্যানসার বিষয়ে ব্যাপক প্রচারণা হয়। বাংলাদেশেও এ রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার প্রয়োজন। অবহেলা করলে এই রোগ প্রাণঘাতী হয়। সে কারণে প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে প্রত্যেক নারীরই সচেতন থাকা প্রয়োজন। একই সঙ্গে পরিবারের পুরুষদেরও এই রোগ সম্পর্কে জানতে হবে।
মানববন্ধন শেষে মহিলা ক্যানসার সচেতনতা সোসাইটির সদস্যরা বিভিন্ন বিপণিকেন্দ্র, সুপারশপ ও বিউটি পারলারে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতামূলক প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন।