সংক্রমণে ঊর্ধ্বগতি, উদ্বেগ বাড়াচ্ছে ‘ফলস নেগেটিভ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার সংক্রমণে ঊর্ধ্বগতি। তা রুখতে চলছে কঠোর বিধিনিষেধ। তবু বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। বুধবার বরিশাল নগরের গির্জা মহল্লা এলাকায়।
ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সব উপসর্গই আছে। কিন্তু আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফল আসছে ‘নেগেটিভ’। এ রকম ‘ফলস নেগেটিভ’ অনেককে পাওয়া যাচ্ছে বরিশালে। করোনা শনাক্ত না হওয়ায় তাঁরা পরিবারের সঙ্গে মিশছেন। ঘরের বাইরেও যাচ্ছেন। বাস্তবে তাঁরা করোনায় সংক্রমিত হলে ছড়াচ্ছে অন্যদের মধ্যেও। ফলে জেলায় সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ।

চিকিৎসকেরা বলছেন, আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কোনো ব্যক্তির শরীরে ভাইরাস আছে কি না, তা ৭০ শতাংশ নিশ্চিতভাবে শনাক্ত করা যায়। ফলে চিকিৎসকদের পরামর্শ, সব উপসর্গ থাকার পরও পরীক্ষায় করোনা নেগেটিভ এলে নিতে হবে বাড়তি ব্যবস্থা। অবশ্যই এক্স-রে, সিটি স্ক্যান কিংবা রক্ত পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়া উচিত। আর উপসর্গ থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তির অন্যদের থেকে আলাদা (কোয়ারেন্টিন) থাকা উচিত।

বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা মনিরুজ্জামান। সম্প্রতি মা-বাবাসহ তাঁর নিজেরও করোনার উপসর্গ দেখা দেয়। তিনজনই আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান। মা-বাবার প্রতিবেদন করোনা পজিটিভ এলেও মনিরুজ্জামানের আসে নেগেটিভ। তিনি বলেন, তাঁর একটানা ১১ দিন ১০১ ডিগ্রি বা তার ওপরে জ্বর ছিল। কোনো ধরনের স্বাদ-গন্ধ পাচ্ছিলেন না। দেড় মাস ধরে এমন অবস্থা ছিল। এ অবস্থায় তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। মা-বাবার সঙ্গে তাঁকেও করোনার চিকিৎসা দেওয়া হয়। ওই চিকিৎসা নিয়ে তিনজনই সুস্থ হয়েছেন।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক বুধবার বলেন, শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেই যে পিসিআর ল্যাবে তা শনাক্ত হবে, এ রকম নয়। শতকরা ৭০ শতাংশ ক্ষেত্রে করোনাভাইরাসের উপস্থিতি সঠিকভাবে শনাক্ত করতে পারছে আরটি-পিসিআর ল্যাব। তাই করোনা শনাক্ত হওয়া এবং না হওয়া সব রোগীকেই একই চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি শুধু বরিশালের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বের একই চিত্র বলে উল্লেখ করে ওই চিকিৎসকেরা।

এমন তথ্য যৌক্তিক বলে নিশ্চিত করেছেন ওই হাসপাতালের পিসিআর ল্যাবের ইনচার্জ ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আকবর কবীর। তিনি বলেন, উপসর্গ থাকা ব্যক্তি করোনায় সংক্রমিত হলেও কখনো কখনো নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ আসতে পারে। আবার করোনার ধরনেরও (ভেরিয়েন্ট) একটা ব্যাপার আছে। যদি এমন ভেরিয়েন্ট হয় যেটা ধরা পড়েনি, সেগুলোর ক্ষেত্রেও প্রতিবেদন নেগেটিভ আসতে পারে। বিকল্প হিসেবে এক্স-রে, সিটি স্ক্যান ও কিছু রক্তের পরীক্ষা আছে। সেগুলোর মাধ্যমে রোগী করোনায় সংক্রমিত কি না, নিশ্চিত হচ্ছেন চিকিৎসকেরা।

আকবর কবীর বলেন, ‘কোনো রোগীর কাছ থেকে নেওয়া নমুনার ভেতরে ওই রোগের জীবাণু থাকার আশঙ্কা কত শতাংশ, তার ওপর নির্ভর করে সেনসিটিভিটি। আমরা যত পরীক্ষা-নিরীক্ষা করি, তার মধ্যে ১০০ শতাংশ সেনসিটিভিটি খুব কমই আছে। আমাদের এটার সেনসিটিভিটি থাকে প্রায় ৭০ শতাংশ। অর্থাৎ যে স্থান থেকে নমুনা নেওয়া হয়েছে, সেখানে জীবাণু থাকলে তা শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকে ৭০ শতাংশ।’

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার আইসোলেশন ইউনিটে গত বছরের মার্চ থেকে আজ বুধবার পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৫৩ জন। এর মধ্যে ৯০ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ। অনেকটা স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁদের লাশের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন স্বজন ও প্রতিবেশীরা।

বরিশাল বিভাগে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির পেছনে করোনায় সংক্রমিত সত্ত্বেও পরীক্ষার ফল নেগেটিভ আসা ব্যক্তিদের অবাধ চলাচলের একটা যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভাগে মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে চলতি জুলাইয়ে। মে মাসে বিভাগে শনাক্ত হন ১ হাজার ৪৪ জন রোগী। জুনে শনাক্তের সংখ্যা ৮ গুণ বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৯৫২ জনে। অথচ জুলাইয়ের ২৮ দিনেই করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫৪২ জনের। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ৪৪২ জন। তাঁদের মধ্যে ১৭৪ জনেরই মৃত্যু হয়েছে ১ মে থেকে ২৮ জুলাই পর্যন্ত, যা বিভাগের মোট মৃত্যুর ৩৯ দশমিক ৩৬ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, যেসব রোগীর নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘ফলস নেগেটিভ’ আসছে, তাঁদের উচিত বিকল্প উপায়ে পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া। একই সঙ্গে সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের পরিবারের কাছ থেকে আলাদা থাকা এবং অবশ্যই চিকিৎসকেরা পরামর্শ নেওয়া উচিত।