সংক্রমিত ব্যক্তিদের মধ্যে অভিবাসী শ্রমিক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে এইচআইভি সংক্রমিত ব্যক্তিদের মধ্যে অভিবাসী শ্রমিকের সংখ্যা বেশি। ২০১১ সালে শনাক্ত হওয়া ৪৪৫ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তির মধ্যে অভিবাসী শ্রমিক রয়েছেন ১৩৮ জন। এরপর আছেন গৃহবধূ, ৯৮ জন। তৃতীয় স্থানে আছেন ক্ষুদ্র ব্যবসায়ী, এঁদের সংখ্যা ৩০ জন।গতকাল বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে জাতীয় এইডস/এসটিডি কর্মসূচি (এনএএসপি) থেকে এই পরিসংখ্যান দেওয়া হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে এনএএসপি।সেমিনারের আগে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তারা এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) কয়েক শ কর্মী ও সুবিধাভোগীরা অংশ নেন।সেমিনারে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ২০১১ সালে ৪৪৫ জন এইচআইভি সংক্রমিত হয়। এদের ৬৫ শতাংশ পুরুষ, ৩৩ শতাংশ নারী ও বাকি ২ শতাংশ হিজড়া। এ বছর নতুন এইডস পরিস্থিতির রোগী শনাক্ত হয়েছে ২৫১ জন এবং এই কারণে মারা গেছে ৮৪ জন। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৫ জনে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এইচআইভি ও এইডস পরিস্থিতি ভালো। এটি সম্ভব হয়েছে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক চেষ্টার ফলে।স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, এইচআইভি ও এইডস বিষয়ে মানুষের সচেতনতা আরও বাড়াতে হলে গণমাধ্যমের সঙ্গে জাতীয় কর্মসূচির সম্পর্ক আরও জোরদার করতে হবে। তিনি বলেন, বাঁচতে হলে জানতে হবে—এই স্লোগান অনুভূতিতে তেমন সাড়া জাগায় না।বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্য সহকারী, চিকি ৎ সক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ দিয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে শিগগির সাত হাজার কর্মী নিয়োগ করা হবে।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের দেশীয় প্রতিনিধি আর্থার আরকেন বলেন, সংক্রমণ, মৃত্যু ও বৈষম্যকে শূন্যের কোঠায় নিতে হলে প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতিরোধ শুরু হয় কলঙ্কের ধারণা ও বৈষম্য দূর করার মধ্য দিয়ে।মিলনায়তনের মূল ফটকে বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটি ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করে। এতে বলা হয়, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সমাজ এখনো এইচআইভি সংক্রমিত ব্যক্তিকে আলাদাভাবে দেখে। অন্যদিকে চিকি ৎ সকের কাছে গেলেও তারা বিরূপ পরিস্থিতির মুখে পড়ছে।দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করে। উত্তরার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক হামিদা বেগম প্রথম আলোকে বলেন, নিরাপদ রক্ত সঞ্চালনকে গুরুত্ব দিয়ে কলেজটি বিশ্ব এইডস দিবস উদ্যাপন করেছে। গতকাল সেখানে ৫০০ জন লোকের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।