কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুত সংক্ষিপ্ত তালিকায় আছেন দুজন বাংলাদেশি। ১৩টি দেশ থেকে এই তালিকায় স্থান পেয়েছেন মোট ১৭ জন। আগামী ১৫ মার্চ লন্ডনে এই পুরস্কার ঘোষণা করা হবে।
কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব কিশোর ও তরুণ নিজেদের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছেন, তাঁদের জন্য প্রতিবছর কমনওয়েলথ ইয়ুথ পারসন অব দ্য ইয়ার পদক দেওয়া হয়।
সংক্ষিপ্ত তালিকায় থাকা দুজন বাংলাদেশির একজন তৌফিক আহমদ খান। তিনি একজন সামাজিক উদ্যোক্তা। গঠন করেছেন সাউথ এশিয়ান সোসাইটি নামের একটি সংগঠন। তিনি ‘গার্লস ফর গ্লোবাল গোলস’ কর্মসূচি পরিচালনা করছেন এবং এর মাধ্যমে ৬০০ তরুণী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন।
দ্বিতীয় বাংলাদেশির নাম উখেংচিং মারমা। তিনি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মেয়েদের মধ্যে মাসিককালীন স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছেন। এই কর্মসূচির মাধ্যমে উখেংচিং মারমা এরই মধ্যে ৭০০ মেয়ের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা সৃষ্টি করেছেন।