সংক্ষিপ্ত: রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূত্রাপুর থানা এলাকায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী হোসেন (৩০) ও মো. ইব্রাহিম (৩৪) নামের দুজন নির্মাণশ্রমিক মারা গেছেন। পুলিশ জানায়, প্যারিদাস রোড এলাকায় একটি মসজিদে নির্মাণকাজ চলছিল। আলী হোসেন ও ইব্রাহিম নিচ থেকে মসজিদের ওপরে বাঁশ উঠিয়ে দিচ্ছিলেন। এ সময় একটি বাঁশ বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক

সরকারদলীয় সাংসদ তারানা হালিমকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত একটি সম্মেলনে যোগ দিতে গত রোববার এক ব্যক্তি তাঁকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণে অপারগতা প্রকাশ করায় ওই ব্যক্তি মুঠোফোনে একাধিক খুদে বার্তায় তাঁকে ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক