সংক্ষিপ্ত রাজধানী
কৃষক সমিতির দাবি
পাট নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা ও পাটের লাভজনক দাম নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। ২৮ আগস্ট সমিতির সম্পাদকমণ্ডলীর সভায় এ দাবি জানানো হয় বলে গতকাল বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমিতির সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাটের লাভজনক দামের দাবিতে সমিতির উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে ঘেরাও এবং ৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।
লংমার্চ সফল করতে
সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে লংমার্চ সফল করতে তিন দিনের জেলা সফরে গেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। গতকাল বৃহস্পতিবার জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে নেতারা মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলা সফর করেন। আজ শুক্রবার মাগুরা, ঝিনাইদহ ও যশোর এবং কাল শনিবার বাগেরহাট, রামপাল, সুন্দরবনসংলগ্ন এলাকা ও খুলনা জেলা সফর করবেন নেতারা। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ওই লংমার্চ কর্মসূচি পালনের কথা। বিজ্ঞপ্তি।
পাঁচ দাবি বাস্তবায়নে
পাঁচ দফা দাবি বাস্তবায়নে ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পান্না এ স্মারকলিপি পেশ করেন। পাঁচ দফার মধ্যে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, স্বাস্থ্য পরিদর্শকের শূন্য পদ (ফিডার) জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদায়ন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে স্বাস্থ্য পরিদর্শকের পদের নাম অপরিবর্তিত রেখে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়ার দাবি রয়েছে। বিজ্ঞপ্তি।
আগ্রাসনের বিরুদ্ধে
সিরিয়ার ওপর ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন পুরো আরব বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিপন্ন করবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে নেতারা সিরিয়ার ওপর ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদীদের আসন্ন হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের পরিস্থিতি নীরব ভূমিকা পালন করে চলছে। বিজ্ঞপ্তি।
আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শ্রমিক লীগ গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এনএসসি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার। সংগঠনের সভাপতি এস এম আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা দেওয়ান শফিউল আরেফিন, হাবি রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।