সংক্ষিপ্ত রাজধানী
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাভারে ভবনধসের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে বলেছেন, এর সঙ্গে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্ত পোশাকশ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে ‘লস অব আর্নিং’ অর্থাৎ তাঁরা যত দিন কর্মক্ষম থাকতেন, তত দিন যা আয় করতেন, তার ভিত্তিতে অর্থ সাহায্য দিতে হবে। গতকাল শনিবার রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাভার ট্র্যাজেডিতে নিহত ৪১ জন শ্রমিকের পরিবারকে ও আহত ১৫ শ্রমিককে আয়োজকদের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
প্রতিবাদ সমাবেশ
রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারত তার স্বার্থ ছাড়া বাংলাদেশের জন্য কোনো দিনও কিছু করেনি। ফারাক্কা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের নদী ধ্বংস করেছে ভারত। এখন এই বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে সুন্দরবন ধ্বংসের তৎপরতা চলছে। এ প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, জোনায়েদ সাকি প্রমুখ। বিজ্ঞপ্তি।