সংক্ষিপ্ত রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বরাদ্দকৃত অর্থে পটুয়াখালী, বরগুনা ও ভোলার চার হাজার পরিবারের প্রতিটিকে দুই হাজার টাকা, দুটি জেরিকেন ও তারপলিন দেওয়া হবে।

গতকাল শনিবার সোসাইটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এম এস আকবর, ভারপ্রাপ্ত মহাসচিব মনোয়ারা সরকারসহ পরিচালক ও প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।

উচ্চ করারোপ দাবি

ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যের ওপর আগামী বাজেটে (২০১৩-২০১৪) উচ্চহারে করারোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তাবিনাজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। জর্দা ও গুল উৎপাদনসংক্রান্ত প্রাথমিক জরিপের তথ্য উপস্থাপনে এ সম্মেলন করা হয়। দেশের সাতটি বিভাগের ৩৪টি জেলায় জরিপ চালানো হয়। মূল বক্তব্য পড়েন তাবিনাজের আহ্বায়ক ফরিদা আখতার। বিজ্ঞপ্তি।

১০ দফা দাবি

বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশন (বিইউএমএ) ইউনানি-আয়ুর্বেদিক ওষুধের নামে ফর্মুলাবিহীন মানহীন ওষুধ উৎপাদন বন্ধ করা, এমএলএম বন্ধ করা, ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসার নামে অশ্লীল কুরুচিপূর্ণ আপত্তিকর প্রচারণা ও চিকিৎসার নামে প্রতারণা বন্ধসহ ১০ দফা দাবি করেছে। গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির মহানগর শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কামাল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ফেরদৌস ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান এম এ করীম সিদ্দিকী, আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রব খান, বিইউএমএর জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য জহিরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।