সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা ত্যাগ করেন
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জয়শঙ্কর ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে জয়শঙ্করকে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এ সময় বিমানবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

দুই নিকট প্রতিবেশীর সম্পর্ককে পরের ধাপে এগিয়ে নেওয়ার লক্ষ্যের পাশাপাশি সহযোগিতা নিবিড় করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন।

গতকাল বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা তাঁর (শেখ হাসিনা) কাছে পৌঁছে দিয়েছি। সেই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে ভারতে তাঁকে আমরা স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি। তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে।’

গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্কে সোনালি অধ্যায় চলছে বলে উল্লেখ করেন আব্দুল মোমেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকে আমন্ত্রণ জানাতে ভারত অপেক্ষায় রয়েছে। এ আলোচনা দুই দেশের সম্পর্ককে পরের ধাপে উন্নীত করতে সহায়ক ভূমিকা রাখবে।