সংক্ষে সারা দেশ
কর্মশালা রাজশাহীতে গতকাল শনিবার বিদ্যুৎসাশ্রয়ী বৈদ্যুতিক পণ্য ব্যবহারে নীতিনির্ধারণ ও গণসচেতনতা-বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্ট্যাডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এ কর্মশালার আয়োজন করে। বিএসটিআই রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম সরকারের সভাপতিত্বে কর্মশালায় রাজশাহী প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল অনুষদের ডিন মুহাম্মদ আবদুল গোফফার খান ও ক্যাব-রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।চিকিৎসাসেবামাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যেরচর গ্রামে গতকাল শনিবার পাঁচ শতাধিক পরিবারকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গ্রাসরুটস অ্যাডভান্সমেন্ট মোটোর (গ্রাম) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কার্যক্রমে তিন চিকিৎসকের একটি দল সেবা প্রদান করে। বিকেলে ৮৯ নম্বর মধ্যেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। এ সময় মাদারীপুর পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক ও গ্রামের উপদেষ্টা এমদাদুল হক এবং গ্রামের উদ্যোক্তা নাজমুল হাসান উপস্থিত ছিলেন। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি। কারেন্ট জাল জব্দ লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় মেঘনা নদী থেকে গতকাল শনিবার বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার অংশ হিসেবে গতকাল সকালে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা মেঘনায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। লক্ষ্মীপুর প্রতিনিধি।অনুদান চাঁদপুর শহরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পাড়ের বড় স্টেশন মোলহেড় চত্বরের বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘রক্তধারা’ নির্মাণে অগ্রণী ব্যাংক লিমিটেড পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা এ কে এম মজিবুর রহমান। চাঁদপুর প্রতিনিধি।নির্বাচিতমৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ২০১২-১৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে রমাকান্ত দাশগুপ্ত সভাপতি এবং এ এস এম আজাদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সৈয়দ কামাল উদ্দিন আহমদ সহসভাপতি, দেলোয়ার হোসেন সহ-সাধারণ সম্পাদক, আবু ইমরান চৌধুরী সহ-সম্পাদক (লাইব্রেরি) ও মো. মাসুক মিয়া সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) এবং ফণীলাল ধর, অনিরুদ্ধ চক্রবর্তী, তোফায়েল আহমদ, দীপক কুমার ধর ও মো. নুরুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার প্রতিনিধি।