সংক্ষেপ
অগ্নিকাণ্ড
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় টিন ও বেড়ার তৈরি চারটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মো. নুরুল কবির, আহমদ ছফা, ছলেমা খাতুন ও মোহছেনা খাতুন। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, নুরুল কবিরের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে অন্য তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আসবাব ও নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃষ্টির দিন হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে জামায়াতের তিন ক্যাডারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বখশিরখিল এলাকার মো. সেলিম (৩২), একই ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার মো. রিফাত (২৫) ও বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া এলাকার বোরহান উদ্দিন (২৬)। সেলিমের কাছ থেকে পুলিশ একটি একনলা বন্দুক, চারটি তাজা গুলি ও একটি ধারালো ছোরা উদ্ধার করেছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জামায়াতের ক্যাডাররা যুবলীগের কর্মী আলমগীর ও হাসান হত্যার আসামি। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিপরীতে অবস্থিত হীরা মেডিকেল ফার্মেসিকে আট হাজার, নোংরা পরিবেশের কারণে ডিলাক্স বেকারিকে ১০ হাজার, চমেক চতুর্থ শ্রেণি স্টাফ কেনটিনকে আট হাজার, ঝাল বিতান ও বিরিয়ানি হাউসকে আট হাজার ও মোসলেম হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। গতকাল বুধবার নগরের চকবাজারে এ অভিযান চালানো হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম