সংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় পরিদর্শনে জাইকার প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এবার দেশসেরা বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। গতকাল বুধবার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অথরিটির (জাইকা) প্রতিনিধিরা এ বিদ্যালয় পরিদর্শনে আসেন। জাইকার প্রতিনিধিরা হলেন পরিবেশ ও সামাজিক কনসালটেশন বিশেষজ্ঞ ইওনেকাওয়া মামি, মার্কেটিং অ্যান্ড প্রমোশন বিভাগের প্রশাসক প্রকৌশলী দাইকি অ্যাবে, গবেষণা এক্সিকিউটিভ জুবায়ের আরেফিন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আজিম মিস্ত্রি প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী জানান, ওই প্রতিনিধিদল প্রাথমিক শিক্ষার উন্নয়নে আর কী পদক্ষেপ নেওয়া দরকার, তা জিজ্ঞাসা করে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে বউ ও শাশুড়ির মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দক্ষিণ চাপাদহ গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ওই গ্রামের রবি শেখের স্ত্রী দেলবানু বেগম (৬৫) ও তাঁর ছেলে জেলহক ব্যাপারীর স্ত্রী মানিকজান বেগম (৪০)। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে দেলবানু প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। তিনি ঘরের পেছনে যাওয়ার পথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁকে বাঁচাতে গিয়ে মানিকজানও ঘটনাস্থলে মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাইবান্ধা প্রতিনিধি