সংক্ষেপ
হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছলিমপুর টিবি হাসপাতালের সামনে থেকে ইকবাল হোসেন (২২) নামের এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
কারাদণ্ড
ফেনীতে গতকাল বুধবার মো. জাবেদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের স্টার লাইন কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. জাবেদকে আটক করা হয়। ফেনী অফিস
হিমাওয়ান্তির সভা
চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায় স্বাতন্ত্র্য বজায় রেখে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে কাজ করতে তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার দক্ষিণ এশিয়াভিত্তিক সংস্থা ‘হিমাওয়ান্তি’র উদ্যোগে রাঙামাটিতে উপজেলাভিত্তিক ইয়ুথ পিস গ্রুপ নেটওয়ার্ক গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় এসব কথা বলেন। বেসরকারি সংস্থা গ্রিন হিলের রাঙামাটি শহরের চম্পকনগর এলাকার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে হিমাওয়ান্তি বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান টুকু তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক মংসানু চৌধুরী, গ্রিনহিলের কর্মসূচি ব্যবস্থাপক যতন কুমার দেওয়ান প্রমুখ। রাঙামাটি অফিস
মতবিনিময়
দেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ, অর্থাৎ ২৩ মিলিয়ন মানুষ সূর্যের হাসিচিহ্নিত ক্লিনিকের আওতায় রয়েছে। সারা দেশে ২৬টি এনজিওর তত্ত্বাবধানে ৩৩৪টি ক্লিনিক ও ছয় হাজার ৬৬৬ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। চট্টগ্রামে স্বাস্থ্যসেবাবিষয়ক কার্যক্রম পরিদর্শন শেষে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) ও যুক্তরাজ্যের সাহায্য সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) প্রতিনিধিরা এসব তথ্য তুলে ধরেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম