সংক্ষেপ
প্রথম সভা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের কর্মী সুমন চন্দ্র দাস নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি অবশেষে প্রথম সভা করেছে। গতকাল বুধবার দুপুরে এ সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ, সাংবাদিকদের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লিখিত বক্তব্য গ্রহণ। এই কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|
বখাটের দণ্ড
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা ও মারধরের অভিযোগে মনির হোসেন নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউসুল আজম এ দণ্ডাদেশ দেন। মনির ফতুল্লার দাপা পাইলট স্কুলের কাছে ইদ্রিস আলীর বাড়ির ভাড়াটে। সে গতকাল সকালে স্কুলে যাওয়ার পথে ফতুল্লা পাইলট স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে ওই ছাত্রীকে চড়ও মারে। তখন স্থানীয় ব্যক্তিরা তাকে ধরে পুলিশে দেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি|