সংক্ষেপিত ঘোষণায় অন্তর্ভুক্ত বাংলাদেশের চার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ কলেবরের ধারা থেকে এবার বেরিয়ে এসেছে সার্ক শীর্ষ সম্মেলনের ঘোষণা। এবার বেশ ছোট আকারে ঘোষিত হয়েছে ২০ দফার ‘আদ্দু ঘোষণা’। এতে স্থান পেয়েছে বাংলাদেশের চারটি প্রস্তাব।তবে সংক্ষেপিত হলেও এবারও অতীতের মতো দীর্ঘ সময়ে বাস্তবায়িত হবে, এমন পদক্ষেপের কথাই বলা হয়েছে। তবে এতে সার্কের কর্মকর্তাদের ভিন্নমত রয়েছে।সার্ক শীর্ষ সম্মেলনের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আদ্দুু ঘোষণা’য় নিজেদের প্রস্তাব অপরিবর্তিত রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত অনঢ় ছিল স্বাগতিক মালদ্বীপ। এমনকি গতকাল সকালে সার্ক নেতাদের অবকাশের সময়ও তারা তাদের প্রস্তাব অক্ষুণ্ন রাখতে প্রয়াস চালায়। শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশন বিলম্বিত হওয়ার এটিও একটি কারণ বলে জানা গেছে। সূত্র জানায়, ঘোষণার সপ্তম ধারায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য প্রতিটি দেশকে মোট জাতীয় আয়ের ন্যূনতম ২ শতাংশ বাধ্যতামূলকভাবে বরাদ্দ রাখার প্রস্তাব দেয় মালদ্বীপ। কিন্তু এতে অন্য সদস্যদেশগুলোর সমর্থন ছিল না। এ ধরনের প্রস্তাবে সায় দিলে ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে এক ধরনের চাপে পড়বে ভারত ও পাকিস্তান।পরে অবশ্য সিদ্ধান্ত হয়, প্রতিটি দেশ জাতীয় আয়ের উল্লেখযোগ্য একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহার করা হবে। তবে এতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি মালদ্বীপ।সার্ককে কার্যকর করতে সার্ক মহাসচিবের পদকে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার প্রস্তাব দেয় মালদ্বীপ। এ নিয়েও শুরুতে অনঢ় ছিল স্বাগতিক দেশ। কিন্তু অন্য সদস্যদেশগুলোর পক্ষ থেকে বলা হয়, এ ধরনের একটি কার্যকরী পদের মর্যাদা যদি মন্ত্রী পর্যায়ে উন্নীত করা হয়, তবে কাজের প্রক্রিয়ায় গুরুতর সমস্যা তৈরি হবে।এদিকে ২০ দফার আদ্দু ঘোষণায় বাংলাদেশের পক্ষ থেকে অন্তত চারটি প্রস্তাব এসেছে। গত বৃহস্পতিবার উদ্বোধনী অধিবেশনের বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার চারটি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে আদ্দু ঘোষণায়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ করতে আগামী বছর অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে আঞ্চলিক রেলওয়ে চুক্তি চূড়ান্তকরণ, সার্ক মোটরযান চুক্তি নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠক আয়োজন ও বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে পণ্যবাহী ট্রেনের পরীক্ষামূলক চলাচল যত দ্রুত সম্ভব শেষ করা।দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে একটি ‘ভবিষ্যৎমুখী ভাবনা’ তৈরির পাশাপাশি দক্ষিণ এশিয়া অর্থনৈতিক ইউনিয়ন গড়ার লক্ষ্যকে এগিয়ে নিতে সাউথ এশিয়া ফোরামকে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখতে বলা হয়েছে।ঘোষণাপত্রে শিক্ষার মান উন্নয়নে সার্ক দেশগুলোর শিক্ষাগত ও পেশাগত ডিগ্রিকে পারস্পরিক স্বীকৃতি এবং এর সমতা বিধানের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধ স্থাপনের কথা বলা হয়েছে।ঘোষণায় পর্যবেক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ তিনটি বিষয়ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তৃতায় উল্লেখ ছিল।ঘোষণার খসড়া তৈরির প্রক্রিয়ায় জড়িত বাংলাদেশের কর্মকর্তাদের দাবি, ওই চারটি ছাড়াও বাংলাদেশের প্রস্তাবিত ভাষ্য অনুযায়ী ঘোষণায় আরও অন্তত ১২ দফা অন্তর্ভুক্ত হয়েছে।