সংক্ষেপে সরা দেশ
জিআরের চাল উদ্ধারপিরোজপুরে গত রোববার পাচারের চেষ্টাকালে জিআরের ১৩ টন চাল (খয়রাতি সাহায্যের চাল) উদ্ধার করা হয়েছে। পিরোজপুর জেলা নির্বাহী হাকিম আশাফুর রহমান জানান, রোববার সন্ধ্যার দিকে শহরের খাদ্যগুদামের সামনে ট্রাকে ভর্তি করার সময় ওই চাল উদ্ধার করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মতলেব বাদী হয়ে শহরের ব্যবসায়ী সুমন সাহাসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পিরোজপুর প্রতিনিধিপরিচ্ছন্নতা অভিযানস্বাভাবিক সৌন্দর্য রক্ষার জন্য গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, পরিবেশবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অব এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট যৌথভাবে এ অভিযান চালায়। গতকাল সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন। এ সময় পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক মো. খবির উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি পলাশ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসংযোগ বিচ্ছিন্নবকেয়া বিল পরিশোধ না করায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোয়ার্টারের ৫৩০টি আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি দল দিনভর অভিযান চালিয়ে ওই সংযোগগুলো বিচ্ছিন্ন করে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এম এ ওহাব জানান, ওই কোয়ার্টারে তিতাস গ্যাসের মিটারযুক্ত ৫৩০টি আবাসিক সংযোগ রয়েছে। গত কয়েক বছর ধরে এসব সংযোগের বিপরীতে কোনো বিল পরিশোধ করা হয়নি। বারবার নোটিশ দেওয়ার পরও এসব সংযোগের কোনো বিল পাওয়া যায়নি। সবশেষ গত ৫ মে চূড়ান্ত নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে বকেয়া বিল পরিশোধের অনুরোধ করা হয়। এর পরও কেউ ওই বিল পরিশোধ করেনি। এ পরিপ্রেক্ষিতেই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি