সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভানু মিয়া (৫৫) নামের এক অটোবাইকচালকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার কৈলাগ ইউনিয়নের পূর্ব কৈলাগ গ্রামে। স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ভানু নিজ ঘরে অটোবাইকের ব্যাটারি চার্জ করছিলেন। একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় গুরুতর অবস্থায় তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাজিতপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।

ককটেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ঠাকুরবাড়ী মন্দিরের পেছনের একটি বাঁশঝাড় থেকে গতকাল মঙ্গলবার বিকেলে সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে উদ্ধারকৃত ককটেলগুলো গোবিন্দগঞ্জ থানায় জমা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, র‌্যাব জয়পুরহাট-৫ ক্যাম্পের সহকারী পরিচালক আশরাফ হোসেন সিদ্দিকের নেতৃত্বে একটি দল গতকাল বিকেলে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই ককটেলগুলো উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাইবান্ধা প্রতিনিধি।

নেতা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল মমিনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে শহরের নিউ মৌড়াইল এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশের গাড়ি পোড়ানোর অভিযোগে সদর থানায় মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি মো. আবদুর রব জানান, আবদুল মমিনসহ জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক গত ৫ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা শহরের পীরবাড়ি এলাকায় পুলিশ লাইনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুনে গাড়িটি ভসঞ্চীভূত হয়। ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি।