সংক্ষেপে সারা দেশ
শিবিরের কর্মী আটক নাটোরের বিভিন্ন স্থান থেকে শিবিরের ২০ কর্মীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারেন, এমন আশঙ্কায় গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শহরের বিভিন্ন ছাত্রাবাস থেকে ১৪ জন শিবির কর্মীকে আটক করা হয়। উপজেলার বাগাতিপাড়া ও বড়াইগ্রাম থেকে আটক করা হয় ছয়জনকে। নাটোর প্রতিনিধি।গোপালগঞ্জে অগ্নিকাণ্ডগোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার ভূইয়াপাড়া গ্রামে আগ্নিকাণ্ডে ৪০টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ওই গ্রামের সাতজন আহত হন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রইচ খাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।টাঙ্গাইলে বইমেলা টাঙ্গাইলের ভাসানী হল চত্বরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা। জেলা প্রশাসন ও সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত মেলায় প্রতিদিন সাহিত্য প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। গতকাল শনিবার মেলা মঞ্চে ‘মুক্তিযুদ্ধ ও সাহিত্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি মাহবুব সাদিক। মেলায় ঢাকার ২৫টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি।লাশ উদ্ধারচট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ হিংগলা গ্রাম থেকে পুলিশ সাহেদা আকতার (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। গতকাল গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস উদ্দিন জানান, সাহেদা আকতার হিংগলা গ্রামের ওমানপ্রবাসী মোসলেম উদ্দিনের স্ত্রী। এটা আত্মহত্যা কি না, ময়নাতদন্ত ছাড়া তা বলা ঠিক হবে না। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।