সংক্ষেপে সারা দেশ
নবজাতকের লাশখুলনায় খানজাহান আলী সেতুর পশ্চিম পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে পথচারীরা সেতুর পশ্চিম পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ব্যাগের চেইন খুলে ওই নবজাতকের লাশ শনাক্ত করা হয়। খুলনা সদর থানার উপপরিদর্শক নিখিল চন্দ্র সরকার বলেন, কেউ মৃত বাচ্চা প্রসবের পর তা ব্যাগে ভরে ফেলে থাকতে পারে। খুলনা অফিস।জরিমানা নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বাজারে গতকাল রোববার সকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে চার দোকানিকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মিন্টু আলী, বাবর আলী, আসলাম হোসেন ও ফারুক হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গুরুদাসপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মজিবুল হক উপস্থিত ছিলেন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।জাল নোটসহ গ্রেপ্তার মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকা থেকে গতকাল রোববার এক হাজার টাকার জাল নোটসহ সোহেল সরদার (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি শরীয়তপুরের পালং থানায়। পুলিশ জানায়, গতকাল দুপুরে সদর উপজেলার কালিরবাজার এলাকার একটি দোকান থেকে কেনাকাটার পর এক হাজার টাকার দুটি জাল নোট দেন সোহেল। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটকের পর পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি।ইউনিট পুনর্গঠিতঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাসস ইউনিট গতকাল রোববার পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ইউনিটের প্রধান নির্বাচিত হন ইনামুল হক ও উপপ্রধান অহিদুজ্জামান মিঞা। বাসসের বাংলা বিভাগের প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ইউনিটটি পুনর্গঠিত হয়। সংস্থার জ্যেষ্ঠ সংবাদ পরামর্শক নিজামউদ্দিন আহমেদ নির্বাচন পরিচালনা করেন। পরে নবনির্বাচিত ইউনিট-প্রধান ও উপপ্রধান উপস্থিত সব সদস্যকে নিয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাসস।