সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব সেজে ডাকাতি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাট ঘোরজানচরে গত রোববার গভীর রাতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, র‌্যাব পরিচয়ে ডাকাতেরা আসামি ধরার কথা বলে বেশ কয়েকটি ঘরে তালা দেয়। পরবর্তীতে এলাকার ধনাঢ্য ব্যবসায়ী বাচ্চু তালুকদারের বাড়িতে হামলা চালায়। ডাকাতেরা ওই পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে এবং নগদ চার লাখ টাকাসহ পাঁচ ভরি সোনা ও ২০০টি শাড়ি লুট করে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুখ জানান, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ জামায়াত কর্মী গ্রেপ্তার নারায়ণগঞ্জ ফতুল্লার দেলপাড়া এলাকা থেকে গতকাল জিহাদি বই ও জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহের ফরমসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল আজিজের দুই ছেলে খোরশেদ আলম (২৮) ও সাইফুল ইসলাম (২৫)। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহের আটটি ফরম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাঁদের ৫৪ ধারায়গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলারপ্রস্তুতি চলছে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি