সংক্ষেপে সারা দেশ
কঙ্কাল চুরিফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর কবরস্থান থেকে গত সোমবার রাতে কবর খুঁড়ে দুটি কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, কবরস্থানে গতকাল মঙ্গলবার সকালে চারটি কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। এগুলোর দুটি থেকে কঙ্কাল চুরি হয়েছে। এলাকাবাসী ফেলে যাওয়া দুটি কবরের কঙ্কাল আবার মাটিচাপা দেয়। ফরিদপুর অফিস।পানিতে ডুবে মৃত্যুসুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পৌর এলাকার ছিলিমপুর গ্রামের করিম মিয়ার মেয়ে রুমি বেগম (১০) ও তাদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় তেঘরিয়া গ্রামের ছুফি মিয়ার ছেলে শাকিব আহমদ (১২) পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। সোমবার রাতে তাদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়। জগন্নাথপুর থানার ওসি মাকছুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি। নারী নিহতমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মা নদীতে গতকাল মঙ্গলবার রাতে দুটি স্পিডবোটের সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারী (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আটজন। তবে মাওয়া ঘাট এলাকার লোকজনের ধারণা, এতে কয়েকজন নিখোঁজ রয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি।