সংক্ষেপে সারা দেশ
টাকা ছিনতাইরাজশাহী শহরের নওদাপাড়া পোস্টাল একাডেমির সামনে অটোরিকশা থামিয়ে গতকাল বুধবার ভোরে দুই পান ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২৫ লাখ টাকা নিয়েছে ছিনতাইকারীরা। দুই ব্যবসায়ী কামাল হোসেন (৪০)ও মনসুর রহমানকে (৪৩)অচেতন অবস্থায় এলাকাবাসী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁদের বাড়ি মোহনপুর উপজেলার দুর্গাপুর ও কৃষ্ণপুর গ্রামে। নগরের শাহ মখদুম থানার ওসি আফজাল হোসেন বলেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে কোনো অভিযোগ করা হয়নি। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী। কমলা জব্দ কমলালেবুতে ফরমালিন দেওয়ার অপরাধে গতকাল বুধবার নাটোর শহরের মাদ্রাসা মোড়ের দুই ফল ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর ফরমালিন মেশানো পাঁচ লক্ষাধিক টাকার কমলালেবু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন পলাশ ফল ভান্ডারের প্রদীপ কুমার ও মলি ফল ভান্ডারের মালিক মানিক কুণ্ডু। অভিযুক্ত ব্যক্তিরা তাৎক্ষণিক অর্থদণ্ড জমা দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন ও রুমানা জোতিশ। নাটোর প্রতিনিধি।শ্রমিকদের মহাসমাবেশহেফাজতে ইসলাম নেতাদের নারীনীতি ও নারীদের ‘গৃহবন্দী করার’ দাবি এবং কথিত অশোভন বক্তব্যের প্রতিবাদে ২৭ এপ্রিল মতিঝিলের শাপলা চত্বরে পোশাকশিল্পের শ্রমিকেরা মহাসমাবেশ করবেন। গতকাল বুধবার রাজধানীর লেবার হলে গার্মেন্টস-শ্রমিক রক্ষা আন্দোলনের এক সভায় এ কথা জানানো হয়। সভায় নেতারা বলেন, মহাসমাবেশে হেফাজতের নেতাদের বক্তব্যের জবাব দেওয়া হবে। শ্রমিকনেতা বদরুদ্দোজা নিজামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজীপুর, সাভার, আশুলিয়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং ঢাকার শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন। শ্রমিকনেতা আবুল হোসাইন, সিরাজুল ইসলাম, নাজমা আক্তার, নুরুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় আলোচকেরা বলেন, হেফাজতের নেতারা নারীশ্রমিকদের খাটো করে উপস্থাপন করেছেন। বিজ্ঞপ্তি।