সংক্ষেপে সারা দেশ
উদ্বোধনজামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্কাউটসের উদ্যোগে কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। স্কাউটস সূত্র জানায়, বাউসী বাঙালি স্কুল অ্যান্ড কলেজে চার দিনব্যাপী তৃতীয় জামালপুর জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম ইলাহী আখন্দ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেগম ফয়জুননেছা প্রমুখ উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।কারাদণ্ডনীলফামারীর সৈয়দপুর উপজেলায় গাঁজা রাখার দায়ে অলিমুদ্দিন ওরফে অলি (৫৫) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম এই সাজা দেন। অলিমুদ্দিনের বাড়ি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়ায়। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবদুল আজিজ জানান, অলিমুদ্দিনের চওড়া বালাপাড়ার বাড়িতে গতকাল অভিযান চালিয়ে গাঁজার ৫৬টি পুরিয়া উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।সহায়তাসাভারে ভবনধসের ঘটনায় আহত ব্যক্তিদের জন্য তাৎক্ষণিক সাহায্য হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার জরুরি ওষুধ, খাদ্য ও নগদ অর্থসাহায্য দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এরপর অন্য সহায়তা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ভবনধসের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তি।