সংক্ষেপে সারা দেশ
উদ্বোধনবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অধীনে বাংলাদেশে প্রথমবারের মতো কমিউনিটিভিত্তিক প্রশিক্ষণ কোর্স ন্যাশনাল সার্টিফিকেট ইন গ্রাফিক ডিজাইন (এনটিভিকিউ লেভেল-১) চালু হয়েছে। কোর্সটির উদ্বোধনী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত গ্রাফিক আর্টস ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শনিবার সকাল নয়টায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শেখ আবু রেজা। প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞাঁ। বক্তারা জানান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য দক্ষ কর্মী তৈরির জন্য কোর্সটি কার্যকর হবে। বিজ্ঞপ্তি।হেরোইনসহ আটকসিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ী থেকে আনুমানিক অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ আবদুল কাদের (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের সিরাজগঞ্জ সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, গতকাল শনিবার বেলা তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী আবদুল কাদেরকে ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তিনি যশোরের শার্শা উপজেলার বুশতলা গ্রামের মৃত ঈমান মোড়লের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।