সংক্ষেপে সারা দেশ
কর্মবিরতি বগুড়ার শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। আগামী রোববার কালো ব্যাজ ধারণ এবং পরদিন পৌরসভার প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করা হবে। পৌর পরিষদের ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বেতন-ভাতাদি পাননি বলে অভিযোগ রয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।বাসে ডাকাতি ফরিদপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে বোয়ালমারী উপজেলার বনচাকী ভাটার সামনে এ ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে আলফাডাঙ্গায় যাচ্ছিল। ওই বাসের সুপারভাইজার মো. সেলিম হোসেন জানান, সাত-আটজনের ডাকাত দল চালককে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন এবং প্রায় ৪০ হাজার টাকা লুটে নেয়। ফরিদপুর অফিস।কর্মশালারংপুরের পীরগাছায় সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস চৌধুরানী শাখার উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় প্রাইম প্রকল্পের উপকারভোগী নারীদের কাপড়ে নানা ধরনের কারুকাজবিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রশিক্ষণ দেন ফেরদৌসী আরা ও চন্দনা বেগম। গত আলোচনা সভায় ২৫ জন প্রশিক্ষণার্থীকে পাঁচ হাজার ১০০ টাকা করে দেওয়া হয়। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।এমএড পরীক্ষা স্থগিতবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত এমএড প্রোগ্রামের আজ শুক্রবারের শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার মূলনীতি (২৩৫১), শিক্ষার ভিত্তি (১৩০১) ও শিক্ষাদানের মূলনীতি ও শিক্ষাদান পদ্ধতি (০৩০১) পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। উক্ত পরীক্ষাসমূহ ১৪ জুন শুক্রবার, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার মূলনীতি (২৩৫১), ২৬ জুলাই শুক্রবার, শিক্ষার ভিত্তি (১৩০১) এবং শিক্ষাদানের মূলনীতি ও শিক্ষাদান পদ্ধতি (০৩০১) বিকেলে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।