সংক্ষেপে সারা দেশ
ট্রাকচাপায় নিহত বগুড়া-চন্দনবাইশা সড়কের বয়রা নামক স্থানে গতকাল সোমবার ভোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ রেণু বেগম (৪০) নিহত এবং তাঁর স্বামী মোটরসাইকেলের চালক আহত আবু বকর আহত হয়েছেন। আবু বকরকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, ওই দম্পতি মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়া জামায়াত নেতা গ্রেপ্তারসাতক্ষীরা সরকারি কলেজের সামনে থেকে গতকাল সোমবার বিকেলে জামায়াত ইসলামীর নেতা নজিবর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তিমঞ্চের সংগঠক ও জামায়াতের রুকন। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, নজিবর রহমানের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারি গাছ কেটে মহাসড়কে অবরোধ সৃষ্টি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারটি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা মন্দিরে চুরিব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কেন্দ্রীয় কালীবাড়ির কালীমন্দিরে গত রোববার রাতে প্রণামির বাক্স থেকে টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মন্দিরের সূত্র জানিয়েছে, কৌশলে বারান্দার গ্রিলের কাছে প্রণামির বাক্স টেনে নিয়ে ভেঙে ফেলে গত কয়েক মাসের প্রণামির টাকা নিয়ে গেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ফেরি বিকলপিরোজপুর-বরিশাল সড়কের পিরোজপুরের কঁচা নদীতে চলাচলকারী ফেরিটি বিকল হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও লোকজন দুর্ভোগে পড়েছে। ইজারাদার সূত্রে জানা গেছে, ফেরির ডালায় ত্রুটি দেখা দেওয়ায় রোববার সন্ধ্যা সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি সড়ক বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। পিরোজপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, মেরামত করে ফেরি সচল করার চেষ্টা চলছে। পিরোজপুর প্রতিনিধি